
৫ ডিসেম্বর রোমানিয়ার ফুটবলে অভিষেক হয়ে গেল ইয়ানিসের। ১৬ বছর বয়সে। না, রোমানিয়ায় সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ড এটি নয়। সেটি নিকোলা দোবরিনের, যিনি ১৪ বছর ১১ মাস বয়সে দেশটির সর্বকনিষ্ঠ হিসেবে সিনিয়র ফুটবলে খেলেছিলেন ১৯৬২ সালে। তার পরও ইয়ানিসের অভিষেক একটু রোমাঞ্চের ঢেউয়েই দোলাল রোমানিয়ার ফুটবলকে। আশি ও নব্বইয়ের দশকে যাঁকে ঘিরে আলো ছড়িয়েছিল কার্পেথিয়ানস দেশটির ফুটবল, সেই গিওর্গি হ্যাজির ছেলে ইয়ানিস। ইয়ানিস হ্যাজি।
ইয়ানিসের অভিষেক হলো ভিটোরুল কনস্টান্টার হয়ে। মজার ব্যাপার, এই দলের কোচ আবার হ্যাজি সিনিয়র। বাবার কারণেই যে এই বয়সে অভিষেক ছেলের, তেমনটা ভাবার কারণ নেই। পেশাদার ফুটবলে খেলার জন্য ইয়ানিস পুরোপুরি প্রস্তুত বলে মনে করেন গিওর্গি হ্যাজি, ‘আমাদের প্রথম দলের সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা আছে ইয়ানিসের। সে জন্যই আমি তাকে খেলানোর সিদ্ধান্ত নিই।’ এফসি বোটোসানির বিপক্ষে ওই ম্যাচে ২-১ গোলে হেরে গেছে গিওর্গির দল। ইয়ানিস খেলেছেন বদলি হিসেবে, সেটিও অল্প সময়ের জন্য। অভিষেক যেমনই হোক, বাবা গিওর্গি হ্যাজি বলেই ইয়ানিসের শুরুতে রোমানিয়ার ফুটবল রোমাঞ্চিত।
১৯৯৮ সালে ইস্তাম্বুলে জন্ম ইয়ানিসের। বাবা তখন খেলতেন গ্যালাতাসারাইয়ে। ফুটবলের আবহে বড় হওয়া ইয়ানিস হাতে-কলমে শিক্ষাটা পেয়েছেন বাবা হ্যাজির একাডেমিতে। ২০০৯ সালে কনস্টান্টায় শুরু হওয়া হ্যাজির একাডেমির প্রথম ব্যাচের ছাত্র ইয়ানিস। ৪৯ বছর বয়সী হ্যাজির বিশ্বাস, পেশাদার ফুটবলে মানিয়ে নিতে সমস্যা হবে না ইয়ানিসের, ‘আস্তে আস্তে সে সিনিয়র দলে মানিয়ে নেবে। সে এবং তার একাডেমির সতীর্থরাই আমাদের ভবিষ্যৎ।’ তবে ছেলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় আগ্রহী নন হ্যাজি। বড় হয়ে ছেলে ‘এই করবে, সেই করবে’ বলার লোক তিনি নন। কথার ফাঁকে ইয়ানিসের ভবিষ্যৎ প্রসঙ্গ উঠলে তা এড়িয়ে যেতে পারলেই বাঁচেন গিওর্গি হ্যাজি! এমনকি অভিষেক নিয়ে দুই দিন আগেও ছেলের সঙ্গে আলোচনা করেননি। ইয়ানিস অন্তত সে রকমই বলছেন, ‘সত্যি বলতে, আমি বিস্মিত হয়েছিলাম যখন বাবা আমাকে বললেন, আমি খেলছি।’
কার্পেথিয়ানসের ম্যারাডোনাখ্যাত গিওর্গি হ্যাজিকে রোমানিয়ার সর্বকালের সর্বসেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। বাবা বিখ্যাত ফুটবলার—এটাই ফুটবলার ইয়ানিসের জন্য বড় একটা চাপ। সে চাপ কীভাবে ইয়ানিস সামাল দেন সেটা সময়ই বলবে। তবে মাঠে নিজের পরিচয়েই বড় হতে চান রোমানিয়ার অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক, ‘আমি আমার বাবাকে নিয়ে খুবই গর্বিত। কিন্তু আমাকে নিজের পথ তৈরি করে নিতে হবে।’
গিওর্গি হ্যাজির শুরুটা ভিরুল কনস্টান্টায় হলেও স্টুয়া বুখারেস্টেই বিকশিত তাঁর ফুটবল-প্রতিভা। ইয়ানিসেরও স্বপ্ন স্টুয়ায় যোগ দেওয়া, ‘আমি পথ হারাতে চাই না। একদিন আমি স্টুয়ায় খেলতে চাই। যখন ছোট ছিলাম, তখন থেকেই আমি স্টুয়ার সমর্থক, বাবা সেটা জানেন।’
জানেন বলেই হ্যাজির চিন্তা অনাগত দিনগুলোয় ইয়ানিসের কঠোর অনুশীলন আর অক্লান্ত পরিশ্রম নিয়ে, ‘এটা (স্টুয়ায় যোগ দেওয়া) তার লক্ষ্য, কিন্তু এ মুহূর্তে সেটা একটা কথার কথা। তাকে পরিশ্রম করতে হবে এবং উন্নতি করতে হবে।’
ইয়ানিসও পরিশ্রমবিমুখ নন। ওটা যে তাঁর চোখেও ওপরে ওঠার সিঁড়ি, ‘ভালো ক্যারিয়ার গড়ার জন্য প্রথমে আমাকে পরিশ্রম করতে হবে। নিজের উন্নতি ঘটাতে হবে। আর আন্তরিক থাকতে তো হবেই।’
রক্তে ফুটবল। আছে পরিশ্রমের মানসিকতা। ইয়ানিসের এগিয়ে না যাওয়ার কোনো কারণ নেই। রোমানিয়ার ফুটবলে কি ফুটছে আরেকটি আশার আলো! উয়েফাডটকম।