পরম্পরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ছেলে জর্ডান (বাঁয়ে) ও আন্দ্রের সঙ্গে ঘানা কিংবদন্তি আবেদি পেলে l ফাইল ছবি
দুই ছেলে জর্ডান (বাঁয়ে) ও আন্দ্রের সঙ্গে ঘানা কিংবদন্তি আবেদি পেলে l ফাইল ছবি

গ্যারি নেভিল ও ফিল নেভিলের উদাহরণ খুব বেশি দিন আগের নয়। দুই তোরে ভাই, কোলে ও ইয়াইয়া ম্যানচেস্টার সিটির হয়ে অনেক ম্যাচেই একসঙ্গে খেলেছেন। রিও ও অ্যান্টন ফার্ডিনান্ড ভাইদের কথাও অনেকের মনে থাকার কথা। সেদিক দিয়ে আন্দ্রে আইয়ু ও জর্ডান আইয়ুর প্রিমিয়ার লিগে খেলাটা অভিনব কিছু নয়। তবে আইয়ু ভাইদের ওপর পাদপ্রদীপের আলোটা বেশিই পড়ছে তাঁদের বাবার কারণে। বাবা যে ঘানার ফুটবল কিংবদন্তি আবেদি পেলে।
আবেদিকে অবশ্য শুধু ঘানা কিংবদন্তি বললে একটু কমই বলা হবে। অনেকের মতে, তিনি আফ্রিকার সর্বকালের সেরাদেরই একজন। দুই ছেলে বাবার মতো মহিরুহ হতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে আন্দ্রে একটা ইঙ্গিত এরই মধ্যে দিয়ে রেখেছেন। বাবা তিনবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। চার বছর আগে বিবিসির ভোটে ছেলেও সেই সম্মান পেয়েছেন। সোয়ানসির হয়ে গোল করেছেন প্রিমিয়ার লিগ অভিষেকেই। পরের ম্যাচে নিউক্যাসলের সঙ্গেও পেয়েছেন গোল। অ্যাস্টন ভিলার হয়ে ছোট ভাই জর্ডানের অভিষেক অবশ্য মনে রাখার মতো হয়নি। তবে আভাস দিয়ে রেখেছেন, খুব বেশি দিন আর অপেক্ষায় থাকতে হবে না।
আবেদি পেলের ছেলে বলেই নয়, আন্দ্রে ও জর্ডান প্রিমিয়ার লিগের অন্য ভাইদের চেয়ে আরেকটা দিক দিয়েও ব্যতিক্রম। দুজনেরই ক্যারিয়ারের শুরু ফ্রেঞ্চ লিগে, এরপর প্রিমিয়ার লিগেও নাম লিখিয়েছেন এই মৌসুমেই। আবেদি পেলে ইউরোপিয়ান ফুটবলে আফ্রিকার অগ্রদূতদের একজন ছিলেন, মার্শেইয়ের হয়ে ১৯৯৩ সালে চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন। বাবার হাত ধরে দুই ভাইয়ের ক্যারিয়ারের শুরুটাও মার্শেইতেই। ২০০৭ সালে আন্দ্রের অভিষেকের দুই বছর পর ফ্রেঞ্চ ক্লাবটিতে নাম লেখান জর্ডান। তাদের বয়সের ব্যবধানও কিন্তু দুই বছর।
দুজনেই কি ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন বাবার পরামর্শেই? আবেদির কথা থেকেই উত্তরটা অনুমান করে নেওয়া যায়, ‘ঘানাইয়ান ও আফ্রিকানদের জন্য প্রিমিয়ার লিগ খুবই গুরুত্বপূর্ণ। সে জন্যই তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা বিশ্বের সেরা লিগ।’
ছেলেদের খেলা দেখতে গত সপ্তাহে ইংল্যান্ডে উড়ে এসেছিলেন আবেদি। ২৪ অক্টোবর ইংল্যান্ডে থাকলে অবশ্য উভয় সংকটে পড়ে যেতে হবে তাঁকে। দুই ছেলের দল সোয়ানসি-অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে সেদিন। অবশ্য এই অভিজ্ঞতা হয়েছে আগেও। লঁরিয়ে ও মার্শেইয়ের হয়ে ফ্রেঞ্চ লিগে গত এপ্রিলের একটা ম্যাচে দুই ভাই ছিলেন প্রতিপক্ষ। জোড়া গোল করে দুজনেই বাবাকে এনে দিয়েছেন গর্বের উপলক্ষ।
আবেদি পেলে সে রকম উপলক্ষ আরও অনেকবারই পেতে চাইবেন। বিবিসি।