পরাজয় এনরিকের কাছে সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়তে থাকা বিমানটা হঠাৎ করেই যেন মাটিতে নেমে এল। যে দলটা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে উড়ছিল, তারাই লা লিগায় পর পর দুই ম্যাচ হেরে এখন নিজেদের হারিয়ে খুঁজছে। পরশু রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলের হারের পর এখন অনেক প্রশ্নের জবাব খুঁজতে হচ্ছে বার্সেলোনা কোচ লুইস এনরিকেকে।
সোসিয়েদাদ জয়টা তো ধরতে গেলে একরকম বলে-কয়েই পেয়েছে। গত ৯ বছর সোসিয়েদাদের মাঠ অ্যানয়েতায় একটা ম্যাচও জিততে পারেনি বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে সেটা নিয়েই ছিল তুমুল আলোচনা। সেই ‘জুজুতে’ আচ্ছন্ন হয়েই বোধ হয় এদিন ৫ মিনিটের মধ্যে গোল খেয়ে বসল বার্সেলোনা। বাকি সময়টা চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারল না।
লা লিগার ম্যাড়মেড়ে শিরোপা লড়াইটা এতে হঠাৎ করেই উন্মুক্ত হয়ে পড়ল। এটি এখন ত্রিমুখী। দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ এখন বার্সেলোনার চেয়ে পিছিয়ে ৩ পয়েন্টে। আর রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্ট। ম্যাচ বাকি ছয়টি। এখনো লাগাম বার্সার হাতেই আছে, কিন্তু একটা ম্যাচ হেরে গেলেই সেটা হাতছাড়া হয়ে যেতে পারে।
এনরিকে নিজের ঘাড়েও কিছুটা দোষ নিতে পারেন। নিষেধাজ্ঞার জন্য সুয়ারেজ ছিলেন না। ইনিয়েস্তা, রাকিটিচ, আলবাদেরও বেঞ্চে বসিয়ে রেখেছিলেন এনরিকে। পরে অবশ্য ইনিয়েস্তা, আলবাদের নামাতে বাধ্য হয়েছেন। কিন্তু কাজ আর হয়নি, ম্যাচের লাগাম যে ততক্ষণে হাতছাড়া হয়ে গেছে। তবে বার্সা কোচ এখনই ঘাবড়ে যাওয়ার মতো কিছু দেখছেন না। বরং এটিকে নিজেদের চেনানোর একটা উপলক্ষ হিসেবে দেখছেন, ‘আমরা কখনোই বলিনি লিগ শেষ হয়ে গেছে। আমরা যে বিশ্বের সেরা দল, সেটা চেনানোর দুর্দান্ত এক সুযোগ এটা। এখন লিগটা অনেক রোমাঞ্চকর। তবে এ মুহূর্তে কিন্তু আমরাই শীর্ষে।’
এনরিকে অবশ্য আশাবাদী হতে পারেন, লা লিগার এই সংস্করণে ছয় ম্যাচ হাতে রেখে ৩ পয়েন্ট এগিয়ে থেকে কোনো দল লিগ খোয়ায়নি। গত বছর তো এই পর্যায়ে বার্সেলোনা এগিয়ে ছিল ২ পয়েন্টে। এনরিকে সেটাও মনে করিয়ে দিলেন, ‘আমরা এখান থেকে কেঁদে তো যাচ্ছি না। গতবার এই পর্যায়ে আমরা দুইয়ে থাকা দলের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে ছিলাম। হেড টু হেড ব্যবধানও কম ছিল।’
তবে বার্সার এমনিতেও এই হার নিয়ে আচ্ছন্ন হয়ে থাকার সুযোগ নেই। আগামী বুধবারই চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগ। এনরিকের চোখ সেখানেই, ‘আমরা তো মানুষ, মেশিন নই। আজ আমাদের দিনটা ভালো যায়নি। তবে এখন আমাদের জন্য অপয়া এই স্টেডিয়াম ছেড়ে বুধবারের চ্যাম্পিয়নস লিগের কথা ভাবতে হবে।’ এএফপি, রয়টার্স।