পরাজিত কোচের এমন অগ্নিমূর্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল রহমতগঞ্জের কাছে ৪-২ গোলে হারের পরই আরামবাগের ফুটবলার, ক্লাব কর্মকর্তা ও কোচ মারুফুল হক দৌড় দিলেন পশ্চিম গ্যালারির দিকে। গ্যালারিতে গিয়ে আরামবাগের এক ক্ষুব্ধ সমর্থককে উত্তমমধ্যম দিলেন সবাই মিলে।

দলের পরাজয় মেনে নিতে পারেননি আরামবাগের ওই সমর্থক। তবে শুরু থেকেই তিনি নাকি কোচ মারুফুল হককে অশালীন ভাষায় গালিগালাজ করছিলেন। আর এতেই চটে গিয়ে গ্যালারিতে ছুটে যান সবাই। যদিও মারুফুলের দাবি, তিনি ওই সমর্থকের গায়ে হাত তোলেননি, ‘আমি ওনার কাছে গিয়ে জানতে চেয়েছিলাম, কেন আমার মা-বাবাকে তুলে গালি দিচ্ছেন? আমার কী অপরাধ? উনি শুরু থেকেই এমনভাবে উঁচু স্বরে গালি দিয়েছেন যে আমি ডাগআউটে মনোযোগ দিয়ে খেলা পরিচালনা করতে পারছিলাম না। আমার দোষ থাকতে পারে, কিন্তু আমার স্বর্ণগর্ভা মা তো কোনো দোষ করেননি।’

তবে সমর্থকের দোষ যা-ই হোক না কেন, এভাবে ডাগআউট ছেড়ে কোচকে গ্যালারিতে অগ্নিমূর্তিতে দর্শকের দিকে ধেয়ে যেতে দেখাটা অনেকের চোখেই ভালো লাগেনি।

দুই দলে তারকা ফুটবলার তেমন নেই। কিন্তু আরামবাগের ডাগআউটে ছিলেন মারুফুল, রহমতগঞ্জের কোচ কামাল বাবু। স্থানীয় ফুটবলে এই দুই কোচও তারকা। তাঁদের সম্ভাব্য ট্যাকটিক্যাল লড়াই নিয়ে একটা কৌতূহল তো ছিলই। আক্রমণ আর পাল্টা-আক্রমণে গতিময় ফুটবলই উপহার দিয়েছে দুই দল। ১৫ মিনিটে রাশেদুলের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ১৮ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত এক হেডে বুকোলা সমতায় ফেরান আরামবাগকে। ৫০ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রিকিকে দর্শনীয় গোল করেন রহমতগঞ্জের মানডে (২-১)। ৫৬ মিনিটে ইকাঙ্গার পেনাল্টি গোলে আবারও ম্যাচে ফেরে আরামবাগ (২-২)। ইকাঙ্গা বল নিয়ে বক্সে ঢুকলে বল হাত দিয়ে থামান ডিফেন্ডার শরণ হাওলাদার। তাতেই পেনাল্টি দেন রেফারি। ৭৭ মিনিটে শুভর ক্রসে হেডে গোল করেন রহমতগঞ্জের ইসমাইল বাঙ্গুরা (৩-২)। ৮৩ মিনিটে আরামবাগের স্বপ্ন গুঁড়িয়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন রাশেদুল।