পরাজয় এক গোলের - এটাও কি সান্ত্বনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পারল না অসম্ভব সমীকরণ মিলিয়ে দিতে। ছবি: জাহিদুল করিম
বাংলাদেশ পারল না অসম্ভব সমীকরণ মিলিয়ে দিতে। ছবি: জাহিদুল করিম

ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করেও বেশ কিছু দর্শক এসেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। অনেকে বৃষ্টির ছাঁট মাথায় নিয়ে দাঁড়িয়ে রইল ভালো একটা ম্যাচ দেখার আশায়। তাজিকিস্তানের সঙ্গে অন্তত ড্র করলেও হয়তো খুশি মনে বাড়ি ফিরতে পারতেন ওরা। কিন্তু এশিয়ান কাপের প্লে-অফের বাছাইপর্বের হোম ম্যাচে আজ বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে তাজিকিস্তান। এর আগে দুশানবেতে ২ জুন অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হারে মামুনুলরা।

তাজিকিস্তানের সঙ্গে আগের ৯ বারের সাক্ষাতে দুটি ম্যাচ ড্র করে বাংলাদেশ। ওই দুই বারই ড্র করেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কিন্তু দেশের মাটিতে ড্রয়ের সেই সান্ত্বনাটাও পেল না বাংলাদেশ। আগেরবারের তুলনায় এবার একমাত্র গোল হার—এটাও কি সান্ত্বনা হতে পারে?
দুশানবেতে বিধ্বস্ত হওয়ায় কার্যত এশিয়ান কাপের বাছাইপর্বে যাওয়ার স্বপ্ন সেখানেই শেষ হয়েছিল বাংলাদেশের। আজ অন্তত ৬ গোলে জিততেই হতো। কিন্তু সেই সমীকরণ মিলিয়ে দেওয়ার দুঃসাহস কল্পনাবিলাসী মানুষটাও হয়তো ভাবেননি। বরং ম্যাচের ৬ মিনিটেই গোল হজম করার পর বাকি সময় গোল না খাওয়াটাই উন্নতি। অবশ্য বাংলাদেশের খেলায় আজ কিছু কিছু ঝলক ছিল। বেশ কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারলে দর্শকেরা তৃপ্ত হয়েই বাড়ি ফিরতে পারতেন।
সেট পিসে গোল খাওয়ার অভ্যাসটা দূর হলো না বাংলাদেশের। আজ একমাত্র গোলটি হয়েছে ফ্রি কিক থেকে। দুশানবেতেও ৫ গোলের ৩টিই হয়েছিল ফ্রি-কিক ও কর্নার থেকে।
বাছাইপর্বের টিকিট নিশ্চিত হওয়া তাজিকিস্তান যেন এক গোলেই সন্তুষ্ট ছিল আজ। তবে দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ছিল বাংলাদেশ। ৬৫ মিনিটে তপুর দুর্দান্ত এক হেড তাজিক ডিফেন্ডার তুখতাসুনভ কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ৭০ মিনিটে মামুনুলের দূরপাল্লার শট তাজিক গোলরক্ষক পাঞ্চ করে বাইরে ঠেলে দেন। এরপরই মামুনুলের কর্নার থেকে জামাল ভূঁইয়া সহজ সুযোগ নষ্ট করেন। ওই সময় শুধু বলে পা ছোঁয়ালেই চলত জামালের।
বাংলাদেশকে প্লে-অফের পরের ম্যাচ খেলতে হবে ভুটানের সঙ্গে। আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশে হবে প্রথম ম্যাচ। ১১ অক্টোবর পরের ম্যাচটি হবে ভুটানে।