পরাজয়েই 'পূর্ণ' ডাচ-ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারও মাথায় হাত, কেউ বা হাত দিয়ে মুখ ঢাকতে চাইছেন। ইউরোর বাছাইপর্বের ব্যর্থতা কী দিয়ে ঢাকবেন স্নাইডাররা? l রয়টার্স
কারও মাথায় হাত, কেউ বা হাত দিয়ে মুখ ঢাকতে চাইছেন। ইউরোর বাছাইপর্বের ব্যর্থতা কী দিয়ে ঢাকবেন স্নাইডাররা? l রয়টার্স

ইউরোটা ফ্রান্সে হলেই হল্যান্ড কীভাবে কীভাবে যেন সেখানে থাকতে পারে না। এর আগে ১৯৬০ ও ১৯৮৪ ইউরোর স্বাগতিক ছিল ফ্রান্স। প্রথমটিতে খেলেনি ডাচরা, দ্বিতীয়টিতে বাছাইপর্ব উতরাতে পারেনি। ২০১৬ ইউরোর আয়োজক ফ্রান্স। কী কাকতাল! হল্যান্ডের আবারও আক্ষেপের গল্প হচ্ছে ইউরো। আবারও মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হলো সাবেক চ্যাম্পিয়নরা।
মূল পর্বে সুযোগ পেতে পরশু বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে হল্যান্ডকে জিততেই হতো, পাশাপাশি তুরস্কের হারও ছিল তাদের একান্ত কাম্য। হলো উল্টোটা। ঘরের মাঠে পরশু চেক প্রজাতন্ত্রের কাছে ৩-২ গোলে হেরে ব্যর্থতার ‘ষোলোকলা পূর্ণ’ করলেন ফন পার্সি-স্নাইডাররা। আর শেষ মুহূর্তের গোলে আইসল্যান্ডের বিপক্ষে জিতে নাটকীয়ভাবে সেরা তৃতীয় দল হিসেবে চূড়ান্ত পর্বে গেল তুরস্ক।
আমস্টারডামে স্নাইডারদের কঠিন চ্যালেঞ্জটা পর্বতপ্রমাণ হয়ে ওঠে প্রথম ৩৫ মিনিটে দুই গোল খেয়ে যাওয়ায়। প্রথমার্ধের শেষ দিকে চেক ডিফেন্ডার মারেক সুকি লাল কার্ড পাওয়ায় একটা ‘মিরাকল’ ঘটানোর স্বপ্ন হয়তো উঁকি দিয়েছিল ডাচদের মনে। দ্বিতীয় গোলটি খাওয়ার পর দলকে ‘উদ্ধারে’ নামেন রবিন ফন পার্সিও। দুটি গোলও করেন ফেনেরবাচে স্ট্রাইকার, দুর্ভাগ্যজনকভাবে এর একটি নিজেদের পোস্টে। ৬৬ মিনিটে তাঁর আত্মঘাতী গোলটি চেকদের এগিয়ে দেয় ৩-০ গোলে। ৭০ ও ৮৩ মিনিটে ইয়ান-ক্লাস হান্টেলার ও ফন পার্সির গোলটি তাই শুধু দীর্ঘশ্বাসই বাড়িয়েছে ডাচদের।
ম্যাচ শেষে ডাচ কোচ ড্যানি ব্লিন্ড এই ব্যর্থতা ‘অতীতে’ ঠেলে দিয়ে স্বপ্ন বুনেছেন ভবিষ্যতের, ‘খেলোয়াড়দের জন্য, আমার জন্য, হল্যান্ডের জন্য এটা বেশ হতাশার। তবে আমাদের সামনে তাকাতে হবে। নতুন লক্ষ্য এখন রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়া। নিজের ওপর আমার বিশ্বাস আছে।’
এই ‘বিশ্বাসে’র ব্যাপারটাতে একটু জোর দিতেই হচ্ছে ব্লিন্ডকে। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর চার ম্যাচে হল্যান্ডের জয় মাত্র একটি, ইউরোতেও যাওয়া হলো না। নিজের আসনটা একটু নড়বড়েই হয়ে পড়ার কথা সিনিয়র ব্লিন্ডের। তবে ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) পরিচালক ফন উস্তভিন নতুন কোচকে ভরসাই দিচ্ছেন, ‘চেকের বিপক্ষে ম্যাচটা পুরো বাছাইপর্বের প্রতীক। আমরা, কেএনভিবি, এর পুরো দায় নিচ্ছি, মানে ব্লিন্ড ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাচ্ছে।’
হল্যান্ডের সর্বনাশের দিনে পৌষ মাস পেল তুরস্ক। প্লে-অফে জায়গা পেতে আইসল্যান্ডের সঙ্গে ড্র করলেই হতো। আর হাঙ্গেরিকে সরিয়ে সেরা তৃতীয় দল হিসেবে সরাসরি টিকিট পেতে নিজেদের মাঠে তুরস্ককে জিতলেই হতো না, একই গ্রুপে লাটভিয়ার বিপক্ষে জিততে হতো কাজাখস্তানকেও। কাজাখরা ‘উপহার’টা নিশ্চিত করলেও আর্দা তুরানরাই যেন পেরে উঠছিলেন না। ৮৯ মিনিটে ফ্রি-কিক থেকে সেলচুক ইনানের গোলে তুর্কিদের ধুকপুকানিটা অবশেষে থেমেছে। এএফপি।

এক নজরে
লাটভিয়া ০ : ১ কাজাখস্তান
হল্যান্ড ২ : ৩ চেক প্রজাতন্ত্র
তুরস্ক ১ : ০ আইসল্যান্ড
বেলজিয়াম ৩ : ১ ইসরায়েল
সাইপ্রাস ২ : ৩ বসনিয়া
ওয়েলস ২ : ০ অ্যান্ডোরা
বুলগেরিয়া ২ : ০ আজারবাইজান
ইতালি ২ : ১ নরওয়ে
মাল্টা ০ : ১ ক্রোয়েশিয়া
* স্বাগতিক দল প্রথমে

চূড়ান্ত পর্বে যারা
ফ্রান্স (স্বাগতিক), চেক প্রজাতন্ত্র, আইসল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, স্পেন, স্লোভাকিয়া, জার্মানি, পোল্যান্ড, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, রোমানিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, ইতালি, ক্রোয়েশিয়া, পর্তুগাল, আলবেনিয়া, তুরস্ক।
প্লে-অফ খেলবে
বাছাই হিসেবে বসনিয়া, ইউক্রেন, সুইডেন, হাঙ্গেরির সঙ্গে অবাছাই হিসেবে ডেনমার্ক, আয়ারল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া।

টুকিটাকি
প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে আইসল্যান্ড ও আলবেনিয়া
প্রথমবারের মতো ইউরোর চূড়ান্ত পর্বে উঠেছে ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড ও স্লোভাকিয়া
১৩ গোল করে বাছাইপর্বের এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুঁয়েছেন পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি