পরাজয়েও ওয়েলসের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্‌যাপন তো কত রকমই হয়। অ্যান্ডোরাকে হারিয়ে পরশু ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ার পর বেলজিয়ামের উদ্‌যাপনও হলো অন্য রকম। সতীর্থদের পক্ষে মাইক নিয়েই সমর্থকদের অভিবাদনের জবাব দিলেন বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড l এএফপি
উদ্‌যাপন তো কত রকমই হয়। অ্যান্ডোরাকে হারিয়ে পরশু ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ার পর বেলজিয়ামের উদ্‌যাপনও হলো অন্য রকম। সতীর্থদের পক্ষে মাইক নিয়েই সমর্থকদের অভিবাদনের জবাব দিলেন বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড l এএফপি

কয়েক সেকেন্ডের ব্যবধানেই বসনিয়ার বিলিনো পোলিয়ে স্টেডিয়ামের চিত্রটা কীভাবে বদলে গেল! ম্যাচটা হেরে যাওয়ায় ২০১৬ ইউরোর মূল পর্ব নিশ্চিত করতে বাছাইপর্বের শেষ দিনের অনিশ্চয়তায় যেতে হতো ওয়েলসকে। পরশুর এই ম্যাচটির শেষ বাঁশি যখন বাজল, তাই কেমন যেন পাংশু দেখাল ওয়েলশ খেলোয়াড়দের মুখগুলো। ইসরায়েলের হারের খবর আসতেই সেই মুখগুলোতে আকর্ণবিস্তৃত হাসি! দল বেঁধে মাঠে স্লাইড, একসঙ্গে হেঁড়ে গলায় গান...কে বলবে এই দলটা মাত্রই বসনিয়ার কাছে হেরেছে ২-০ গোলে?
অবশ্য এমন দিনে জয়-পরাজয়ের হিসাব করে কে? একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে সাইপ্রাসের কাছে ইসরায়েল হেরে যাওয়াতেই ইউরোর মূল পর্বে খেলা নিশ্চিত হলো বেল-রামসেদের সোনালি প্রজন্মের ওয়েলসের। ১৯৫৮ বিশ্বকাপের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবে ওয়েলস, ইউরোতে এই প্রথম।
ওয়েলসের তবু একটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু কাল আর্মেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠল আলবেনিয়া। কাল চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে রোমানিয়াও।
পরশু রাতটিই ছিল সোনালি প্রজন্মের উদ্যাপনের। অ্যান্ডোরাকে ৪-১ গোলে হারিয়ে ফ্রান্সের টিকিট কেটেছে বেলজিয়ামের সোনালি প্রজন্ম। একই রাতে আজারবাইজানের সঙ্গে জিতে ইতালিও উঠে গেছে মূল পর্বে। তবে ম্যাচ জিতেও ২০১৬ ইউরোতে খেলার স্বপ্ন পূরণের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে হল্যান্ডকে।
কখনো রেফারির ভুলে, কখনো নিতান্তই দুর্ভাগ্যের মারপ্যাঁচে পাঁচ দশক ধরে আন্তর্জাতিক টুর্নামেন্ট যেন লুকোচুরি খেলছিল ওয়েলসের সঙ্গে। পরশু মিলান জুরিচ ও ভেদাদ ইবিসেভিচের গোলে বসনিয়ার কাছে হারের পর আবারও তাদের শেষ দিনের পরীক্ষায় যাওয়ার শঙ্কাটা ঘিরে ধরেছিল। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি ইসরায়েলও হেরে যাওয়ায়। মূল পর্বে সরাসরি সুযোগ পেতে ওয়েলস ও বেলজিয়ামকে লড়তে হচ্ছিল এই ইসরায়েলের সঙ্গে। মজার ব্যাপার, এখন প্লে-অফের জায়গাটিও বসনিয়ার কাছে হারিয়েছে ইসরায়েল।
এভাবেই কি ইতিহাসটা গড়তে চেয়েছিলেন বেলরা? হয়তো চাননি, তবে এমন দিনে অত কিছু চিন্তা করতে বয়েই গেছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। ম্যাচ শেষে বললেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে সেরা পরাজয়।’
ওয়েলসের হারের সুযোগে গ্রুপ শীর্ষে উঠে ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে বেলজিয়ামও। হ্যাজার্ড, ডি ব্রুইন, নাইঙ্গোলান ও লরাঁ ডিপইত্রের গোলে বড় জয়ই পেয়েছে তারা। বড় জয়ে মূল পর্ব নিশ্চিত করেছে এবারের বাছাইপর্বে এখনো অপরাজিত ইতালিও। এএফপি, উয়েফা।
তবে ১৯৮৮ ইউরো চ্যাম্পিয়ন হল্যান্ডের ইউরো-ভাগ্য ঝুলছে সুতোর ওপর। সরাসরি যাওয়ার সুযোগ নেই, প্লে-অফে জায়গা পেতেই এখন তুরস্কের (১৫ পয়েন্ট) সঙ্গে লড়তে হচ্ছে ডাচদের (১৩ পয়েন্ট)। পরশু দুদলই নিজেদের ম্যাচে জেতায় এই ‘লড়াই’টা গড়াচ্ছে শেষ দিনে। মূল পর্বে যেতে চেক প্রজাতন্ত্রের সঙ্গে হল্যান্ডকে শুধু জিতলেই চলবে না, প্রার্থনা করতে হবে আইসল্যান্ডের কাছে তুরস্কের হারও। তুরস্ক ড্র করলে নিজেদের ম্যাচে জিতেও মুখোমুখি লড়াইয়ের হিসাবে বাদ পড়ে যাবেন ফন পার্সিরা।
এক নজরে
কাজাখস্তান ১        : ২ হল্যান্ড
আজারবাইজান ১    : ৩ ইতালি
ক্রোয়েশিয়া ৩        : ০ বুলগেরিয়া
চেক প্রজাতন্ত্র ০      : ২ তুরস্ক
অ্যান্ডোরা ১          : ৪ বেলজিয়াম
বসনিয়া ২            : ০ ওয়েলস
ইসরায়েল ১          : ২ সাইপ্রাস
নরওয়ে ২             : ০ মাল্টা
আইসল্যান্ড ২         : ২ লাটভিয়া
* স্বাগতিক দল প্রথমে