পরাজয়ের হ্যাটট্রিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট দিনে টানা তিন হার—মরিনহোর জিজ্ঞাসু দৃষ্টিটা উত্তর খুঁজছে অনেক প্রশ্নের। কাল ওয়াটফোর্ডের মাঠে l এএফপি
আট দিনে টানা তিন হার—মরিনহোর জিজ্ঞাসু দৃষ্টিটা উত্তর খুঁজছে অনেক প্রশ্নের। কাল ওয়াটফোর্ডের মাঠে l এএফপি

আট দিন আগের হোসে মরিনহোর মুখের উজ্জ্বল হাসিটা আর নেই, সেখানে এখন জমাট অন্ধকার।
মৌসুম শুরুর প্রতিশ্রুতি পড়ে গেছে সংশয়ে, ওল্ড ট্রাফোর্ডে নতুন দিন ফেরানোর স্বপ্নও হারিয়েছে কিছুটা রোমাঞ্চ। বেশি নয়, এক সপ্তাহ আগের মুগ্ধতা জড়ানো চোখগুলোও এখন যেন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের দিকে। এক সপ্তাহের মধ্যেই যে বেসুরো লাগছে ইউনাইটেডে মরিনহোর নতুন দিনের গান।
লিগে প্রথম তিন ম্যাচে জয়ের পর গত শনিবার ম্যানচেস্টার ডার্বিতে পরাজয়, ক্ষতটা দগদগে থাকতেই ইউরোপা লিগে ফেইনুর্ডের কাছে হার। ইউনাইটেডের জ্বালা আরও বাড়ল গতকাল, লিগে ওয়াটফোর্ডের মাঠে তারা হারল ৩-১ গোলে। আট দিনের মধ্যেই তিনটি পরাজয় দেখতে হলো মরিনহোকে!
আগের দুটি হারে তবু কিছু ‘সান্ত্বনা’ থাকতে পারে। ম্যানচেস্টার ডার্বি সম্মানের লড়াই হলেও সেখানে প্রতিপক্ষ ছিল কঠিন-গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইউরোপা লিগের ম্যাচেও ইউনাইটেড নামায়নি সেরা একাদশ। কিন্তু কাল ওয়াটফোর্ডের মাঠে পুরো শক্তির দলই নামিয়েছিলেন মরিনহো! তার ওপর ওয়াটফোর্ডের কাছে ১৯৮৬ সালের সেপ্টেম্বরের পর কখনো হারেনি রেড ডেভিলরা।
কালকের হারের পর রেফারির কিছুটা দায় দেখছেন মরিনহো, ‘প্রথমার্ধে ২৫-৩০ মিনিট আমরা ভালো খেলিনি। এটি আমাদের নিয়ন্ত্রণে। এ নিয়ে আমরা কাজ করতে পারি, উন্নতি আনতে পারি। কিন্তু রেফারি ও লাইন্সম্যানদের ভুল আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।’
মরিনহোর ইঙ্গিত ৩৪ মিনিটে ওয়াটফোর্ডের প্রথম গোলটির দিকে। এঁতিয়েন কাপু গোলটি করার আগে ইউনাইটেড বক্সের সামনেই অ্যান্থনি মার্শিয়ালের পা থেকে বল কেড়ে নেন ওয়াটফোর্ডের দুই খেলোয়াড়। তবে তা করতে গিয়ে তাঁরা ফেলে দেন মার্শিয়ালকে, মরিনহোর চোখে যেটি ফাউল। ওই ‘ফাউলে’ই যে মাঠ ছাড়তে হয়েছিল মার্শিয়ালকে। তার আগেই অবশ্য মাথায় আঘাত পেয়েছিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলে ইউনাইটেড সমতা ফেরায় ৬২ মিনিটে, মার্কাস রাশফোর্ডের গোলে। কিন্তু অতি আক্রমণাত্মক হতে গিয়ে রক্ষণের ব্যাপারে পুরো যেন ‘অজ্ঞান’ই হয়ে গেল ইউনাইটেড।
শেষ দিকে সেই সুযোগই নিল ওয়াটফোর্ড। ৮৩ মিনিটে হুয়ান জুনিগার গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৯৫ মিনিটে কলম্বিয়ান মিডফিল্ডারের এনে দেওয়া পেনাল্টি থেকেই তৃতীয় গোলটি করেন ট্রয় ডিনি। মরিনহো শেষ পর্যন্ত শুধু বললেন, ‘প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে আমি সব সময়ই উদ্বিগ্ন। ব্যক্তিগত ও দলগতভাবে আমাদের আরও উন্নতি আনতে হবে।’
ইউনাইটেড কোচের জন্য আশার বাণী, তাঁর জন্য এখনো লিগে ৩৩টি ম্যাচ আছে। গোলডটকম।
ইন্টারের স্বস্তির জয়: মৌসুমের চার ম্যাচে মাত্র একটি জয়, ইন্টার মিলানের কোচ ফ্রাঙ্ক ডি বোরের চাকরি নিয়েই টানাটানি পড়ে গিয়েছিল। কাল জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলের জয়ে আপাতত সেই শঙ্কা নেই। লিগে এটি জুভেন্টাসের প্রথম হার। লিখস্টেইনারের গোলে জুভেন্টাস এগিয়ে যাওয়ার পর ইন্টারের হয়ে গোল করেছেন ইকার্দি ও পেরিসিচ। এএফপি