লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে, বায়ার্ন আছে চ্যাম্পিয়নস লিগ জয়ের দৌড়েও। তবে দলটির ‘ট্রেবলে’র স্বপ্ন সেদিন ভেঙে গেছে লিগ কাপে টাইব্রেকারে ডর্টমুন্ডের কাছে হেরে। আর ওই হারের জন্য বায়ার্ন দুষছে রেফারি পিটার গাগেলমানকে। সমর্থকদের দাবি, রেফারি অন্তত একাধিকবার পেনাল্টি থেকে বঞ্চিত করেছে বায়ার্নকে। শুধু সমর্থকদের কথাই বা বলছি কেন, বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগেও তো কম যাননি। গাগেলমানকে ডর্টমুন্ডের ‘দ্বাদশ’ খেলোয়াড় আখ্যা দিয়ে চক্ষুবিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন, ‘তিনি তাঁর সেরা চেষ্টাই করেছেন। মাঠে ৭৫ হাজার দর্শক যা দেখেছে, তিনি তা দেখতে পাননি। এরপর আমি তাঁকে চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শই দিতে পারি।’ রুমেনিগের দাবি, অন্তত দুটি নিশ্চিত পেনাল্টি দেননি বায়ার্নকে। যার একটি নিজেদের বক্সে ডর্টমুন্ড ডিফেন্ডার মার্সেল স্মেলজার যখন হ্যান্ডবল করেন। গাগেলমানও স্বীকার করেছেন হ্যান্ডবলের সিদ্ধান্ত না দেওয়াটা ছিল ‘ভুল’। এএফপি।