পরিচ্ছন্নতা অভিযানে মেসি-রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এ এমন এক বিতর্ক, যা বন্ধুত্ব শেষ করে দিতে পারে, প্রিয়জনকে বানিয়ে দিতে পারে শত্রু। আবার উল্টোটাও হয়, মতের মিল হয়ে গেলে অচেনা মানুষও হয়ে যায় বন্ধু। লিওনেল মেসি, না ক্রিস্টিয়ানো রোনালদো—এই সময়ের সেরা ফুটবলার কে? সমকালীন ফুটবলের সবচেয়ে জমজমাট এই বিতর্কটাকেই এবার দারুণ এক উদ্যোগের অংশ করে নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা হাবাব।
সংস্থাটি মূলত কাজ করে পরিবেশ উন্নয়ন নিয়ে। লন্ডনকে আবর্জনামুক্ত রাখতে হাবাব শহরের পথে পথে বসিয়েছে ময়লা ফেলার বাক্স। প্রতিটি বাক্সের গায়ে একটি করে প্রশ্ন লেখা। যেমন অ্যাশেজের পঞ্চম টেস্ট জিতবে কোন দল, লন্ডন ডার্বি জিতবে কারা? ইতালিয়ান গ্রাঁ প্রি না ইউএস ওপেন, আপনি কোনটা দেখতে চান? প্রতিটি বড় বাক্সের মধ্যে দুটি ছোট বাক্সের মধ্যে জবাব লেখা। বিশ্বের সেরা ফুটবলার কে—এ প্রশ্নটির জবাব দেওয়ার দুটি বাক্সের একটির গায়ে লেখা ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যটির গায়ে লিওনেল মেসি। পথচারীরা ময়লা-আবর্জনা রাস্তায় না ফেলে ওই বাক্সে ফেলে প্রশ্নের জবাব দেবেন। প্রাথমিক পর্যায়ে ধূমপায়ী পথচারীদের সিগারেটের ফিল্টার রাস্তায় না ফেলে বাক্সে ফেলতে উৎসাহিত করা হয়েছে। এতে সাড়াও মিলেছে বেশ। রোনালদো না মেসি, কে সেরা—এই প্রশ্নে যেমন রোনালদোর বাক্সে সিগারেটের ফিল্টার জমা পড়েছে বেশি।
অভিনব উদ্যোগ বৈকি! ডেইলি মেইল।