পরিস্থিতি দেখছে সকারুরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এরই মধ্যে ফুটবলপাড়ায় কাল দিনভর গুঞ্জন—বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় আসা নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা এই ম্যাচ। যদিও ম্যাচটি মাঠে গড়াতে এখনো অনেক সময় বাকি, কিন্তু এরই মধ্যে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ) নিরাপত্তার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর গতকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঠানো অগ্রবর্তী নিরাপত্তা পর্যবেক্ষক দল ফিরে যাওয়ায় এফএফএও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস সে দেশের ফুটবল ফেডারেশনের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে অস্ট্রেলিয়া। ওই মুখপাত্র বলেছেন, ‘নভেম্বরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে এফএফএ বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’ নিরাপত্তার বিষয়টি নিয়ে এএফসির (এশিয়ান ফুটবল কনফেডারেশন) সঙ্গে তাদের আলোচনার কথাও জানিয়েছেন ওই মুখপাত্র, ‘বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ডিএফটিএ (ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড) ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো, নিরাপত্তা বিশেষজ্ঞ ও এএফসির সঙ্গেও আলোচনা করেছে এফএফএ।’
যদিও ফিফা, এএফসি বা অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি বাফুফে। পুরো বিষয়টিকেই ভিত্তিহীন বললেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘এটা একটা ভিত্তিহীন তথ্য। এএফসি বা ফিফা আমাদের কিছুই জানায়নি। সূচি অনুযায়ীই ম্যাচটা হবে বলে আমাদের বিশ্বাস।’
চার বছর আগে আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ম্যাচ হয়েছে ঢাকায়। কখনো নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেনি এবং এখন পর্যন্ত ফিফা-এএফসির সূচি অনুযায়ী সব দেশই বাংলাদেশে আসছে। সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের বাছাইপর্ব নিরাপদেই শেষ করেছে বাফুফে। আগামী ২ অক্টোবর ঢাকায় শুরু এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে এখন ঢাকায় ভুটান, উজবেকিস্তান। জর্ডান, কিরগিজস্তান, তাজিকিস্তান জাতীয় দল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে গেছে সম্প্রতি।
এবারের বিশ্বকাপ বাছাইয়ে নিরাপত্তার প্রশ্নে খেলা হচ্ছে না ইরাক, সিরিয়া, ইয়েমেনে। এই দলগুলো হোম ম্যাচ খেলছে অন্য দেশে। অস্ট্রেলিয়া যদি নিরাপত্তার প্রশ্নে ঢাকায় না আসতে চায়, বল চলে যাবে ফিফার কোর্টে। ফিফাই দেবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এ ধরনের পরিস্থিতিতে তৃতীয় কোনো দেশেই খেলা আয়োজন করে ফিফা।