পরীক্ষা-নিরীক্ষা চলছে লোপেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হোসেন
জাহিদ হোসেন

ফিফা র্যা ঙ্কিংয়ে এক লাফে ৯ ধাপ নেমে বাংলাদেশ এখন ১৮২। এটি একটি সতর্কবার্তা, সুতরাং সামনের ম্যাচগুলোতে ভালো করার চাপটা ভালোই জেঁকে বসেছে। আর এই সময়েই কিনা বড় আঘাত হানল চোট। বেশ কয়েকজন খেলোয়াড় চোটের শিকার হয়ে ছিটকে গেছেন দল থেকে। ১৩ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিজস্তান ম্যাচের দলটি তাই এখানো গড়তে পারেননি কোচ ফাবিও লোপেজ।
গোলরক্ষক সোহেল গোড়ালিতে চোট নিয়ে ক্যাম্পে আছেন, তবে তাঁর চূড়ান্ত দলে থাকার সম্ভাবনা কম। ডিফেন্ডার নাসির উদ্দিন, কেষ্ট কুমার ও লিংকনকে চোট ছিটকে ফেলেছে আগেই। ইয়াসিনের টনসিল, মিশু ভুগছেন জ্বরে। এই দুজনেরও চূড়ান্ত দলে থাকা অনিশ্চিত। স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বিকেএসপির ক্যাম্প ছেড়েছেন পেটে দুটি টিউমারের অস্তিত্ব ধরা পড়ায়। ফরোয়ার্ড সোহেল রানার পেশিতে টান লেগেছে, তাঁর সঙ্গে গোড়ালিতে চোট নিয়ে পরশু ক্যাম্প ছেড়ে গেছেন জাহিদও।
চোট সারা বছরই পিছু লেগে থাকায় জাহিদকে দলে পাওয়া যায় কমই। অস্ট্রেলিয়া ও জর্ডান ম্যাচের দলে থাকলেও ফিট ছিলেন না বলে কোচ ডি ক্রুইফ তাঁকে মাঠে নামাননি। এর আগে কিরগিজস্তান ও তাজিকিস্তান ম্যাচে ছিলেন না চোটের কারণে। ঘরোয়া লিগেও এবার জাহিদকে নিয়মিত পায়নি শেখ রাসেল, আগের মৌসুমে তো নিয়মিত না খেলার অভিযোগে মোহামেডানকে সাড়ে ১৬ লাখ টাকা ফিরিয়েই দিয়েছেন।
অনেকে বলেন, খেলার প্রতি জাহিদের তৃষ্ণা কমে গেছে। নিজের প্রতি যত্নবানও নন। জাহিদ অবশ্য টাঙ্গাইলের বাড়ি থেকে ফোনে বললেন, ‘কোচ আমাকে বলেছেন, তোমাকে দরকার ছিল। কিন্তু আমি ইচ্ছাকৃত চোটে পড়িনি। চোট সবাই পায়, মেসিও চোট পেয়ে এখন দলের বাইরে।’ কিন্তু মেসি সারা বছর চোটে পড়ে না মনে করিয়ে দিলে এবারের চোটের জন্য দায়টা দিলেন সতীর্থদেরই, ‘অনুশীলনে সবাই পা চালাল, যেন মারামারি করছি আমরা। তাই গোড়ালিতে ব্যথাটা পেলাম।’ অনুশীলনে তাহলে কি সতর্ক থাকে না দল? এক খেলোয়াড় বললেন, সতর্ক তো সবাই থাকে। পা চালানোর কথাটা ঠিক নয়।
কারণ যা-ই হোক, একের পর এক খেলোয়াড়ের চোট কোচের জন্য বড় চিন্তার কারণ। দল তৈরি করতে বেশির ভাগ খেলোয়াড়কেই অনভ্যস্ত জায়গায় পরীক্ষা করে দেখছেন লোপেজ। প্লে-মেকারের ভূমিকায় এত দিন খেলা অধিনায়ক মামুনুল ইসলাকে কখনো উইঙ্গার কখনো স্ট্রাইকার হিসেবে বাজিয়ে দেখছেন। স্ট্রাইকার শাখাওয়াত রনি ও জুয়েল রানাকে মাঝমাঠে, সাত বছর পর দলে ফেরা আরেক উইঙ্গার ফয়সাল মাহমুদকে রাইটব্যাকে, ফরোয়ার্ড কোমলকে লেফটব্যাক, উইংব্যাক ওয়ালিকে স্টপারে, স্টপার রেজাউলকে রাইটব্যাকে দেখছেন।
বিভ্রান্ত খেলোয়াড়েরা বুঝতে পারছেন না তাঁরা শেষ পর্যন্ত কে কোন জায়গায় খেলবেন। দলের শীর্ষস্থানীয় এক খেলোয়াড় বললেন, ‘আমার তো কোনো পজিশনই নেই এখন।’ এসব নিয়ে লোপেজ কিছু বলতে রাজি হননি, ‘আমি যা বলার ৮ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে বলব।’ তবে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে জানা গেছে, বৈজ্ঞানিক উপায়ে কোচ খেলোয়াড়দের দম ও নির্ভুল পাস খেলার সক্ষমতা দেখছেন। তার ভিত্তিতেই যাঁকে যেখানে ‘মানানসই ও কার্যকর’ মনে করছেন, সেখানেই পরখ করছেন।