পরের ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন চেলসি

শুভস্য শীঘ্রম—চেলসিতে এখন এই রেকর্ড বাজছে। দুয়ারে কড়া নাড়ছে শুভ ক্ষণ। আগামী শুক্রবার ওয়েস্ট ব্রমের মাঠে ম্যাচ। জিতলেই দুই ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে যাবে লিগ শিরোপা। চেলসি এখন উৎসবে মেতে ওঠার অপেক্ষায়।
গত মৌসুমটা দুঃস্বপ্নের মতো কেটেছে। লিগ শেষ করতে হয়েছে দশম স্থানে। সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে চলতি মৌসুমে চেলসি যে উড়ছে, এর মূল কৃতিত্ব আন্তোনিও কন্তের। এ মৌসুমেই চেলসির দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়েই জাদুর কাঠির ছোঁয়ায় বদলে দিয়েছেন ‘ব্লু’দের। কাজটা সেরে ফেলতে চান পরের ম্যাচেই, ‘আমরা অবশ্যই পরের ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। ওয়েস্ট ব্রম আমাদের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলার চেষ্টা করবে। তবে আমরা তৈরি।’
চেলসির ঘুরে দাঁড়ানোয় ভালো অবদান আছে সেস ফ্যাব্রিগাসেরও। শুরু থেকেই অসাধারণ খেলছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। গত পরশু মিডলসবরোকে ৩-০ গোলের জয়েও বড় ভূমিকা তাঁর। দুটি গোলে অবদান রেখেছেন। একটি রেকর্ডও হয়ে গেছে তাতে। প্রিমিয়ার লিগে ভিন্ন ছয় মৌসুমের প্রতিটিতে ন্যূনতম ১০টি অ্যাসিস্ট করা একমাত্র খেলোয়াড় তিনি। তবে ব্যক্তিগত রেকর্ড নয়, ফ্যাব্রিগাসের কণ্ঠে দলীয় সাফল্যের জয়গান, ‘শুক্রবারই শিরোপা নিশ্চিত করে ফেলাটা হবে দারুণ—শুভস্য শীঘ্রম।’
দুই ম্যাচ হাতে রেখে চেলসির শিরোপা জিতে যাওয়ার সম্ভাবনা জেগেছে মূলত গত শুক্রবার। সেদিন ওয়েস্ট হামের কাছে হেরে গেছে শিরোপা লড়াইয়ে চেলসির নিকটতম প্রতিদ্বন্দ্বী টটেনহাম হটস্পার। মিডলসবরোকে হারানোর পর ৩৫ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৮৪, টটেনহামের ৭৭। শুক্রবার চেলসি জিতে গেলে টটেনহামের পক্ষে এই পার্থক্য ঘোচানো আর সম্ভব নয়। স্পাররা পরের ম্যাচটি খেলবে আগামী রোববার, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এএফপি, রয়টার্স, ফোরফোরটু।
