পরের ম্যাচেই ফিরবেন মেসি?

লিওনেল মেসিকে ছাড়া কোপার বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে কেমন খেলবে আর্জেন্টিনা—এই প্রশ্নটা ছিলই। বিশ্বকাপ বাছাইপর্বে মেসিকে ছাড়া তিন ম্যাচের দুটিতে হোঁচট খেয়েছে দল। সমর্থকদের মধ্যে উদ্বেগ থাকা স্বাভাবিক। মেসি আজ খেলেননি, আর্জেন্টিনাও পেয়েছে সহজ হয়। তবু আজ গ্যালারিতে ওঠা ‘মেসি-মেসি’ রবটা তো থাকছেই। কবে মাঠে দেখা যাবে অধিনায়ককে?
মেসির বদলে খেলেছেন নিকোলাস গাইতান। ভালো খেলোয়াড় হলেও মেসির অভাব কি আর গাইতানে পূরণ হয়! আজ ম্যাচ শেষে কোচ জেরার্ডো মার্টিনো বলেছেনও, ‘এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে মেসি থাকলে দলের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। এবারের কোপা জয়ের স্বপ্নে মেসি যেকোনো বিচারেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
গাইতানের খেলায় খুব খুশি কি হতে পেরেছেন মার্টিনো? মনে তো হয় না। শুরুতেই অবশ্য গাইতানের একটি হেড চিলির গোলবার কাঁপিয়েছিল। কিন্তু বাকিটা সময় খুঁজে পাওয়া গেল না কয়েকটা ডাইভ দেওয়া ছাড়া। মেসিকে পরের ম্যাচেই চান মার্টিনো। এই চাওয়া সমর্থকদের চেয়ে কম নয়। কোচের কথায় ইঙ্গিত থাকল পরের ম্যাচেই মেসির ফেরার, ‘সে দৌড়াচ্ছে, অনুশীলন করছে। আগের চেয়ে জোরে বলে কিক করছে। সে ফিটনেস ফিরে পেতে পরিশ্রম করে যাচ্ছে। মনে হচ্ছে, আগামী তিন থেকে চার দিনের মাথায় সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’
আর্জেন্টিনার পরের ম্যাচ ১১ জুন। সে হিসাবে মেসি যথেষ্ট সময় পাচ্ছেন। তবে মেসি পুরো ফিট না হলেও খেলাতেই হবে—এতটা নির্ভরশীলতাও তৈরি করার পক্ষে নন মার্টিনো, ‘মেসিবিহীন জীবনে আমাদের অভ্যস্ত হতে হবে। মেসি যে ম্যাচে দলে থাকবে না, সে ম্যাচটাও আমাদের এমনভাবে খেলতে হবে, যেন মেসির অভাব অনুভূত না হয়।’ সূত্র : এএফপি।