পর্তুগালকে বিশ্বকাপ জেতাবেন রোনালদো!

তাঁর দুঃখটা সবচেয়ে ভালো বুঝবেন লিওনেল মেসিই। ক্লাবের হয়ে গোলের বন্যা বইয়ে দেওয়া। ক্লাবের হয়ে অর্জনটাও দুর্দান্ত। তিনবার ফিফা বর্ষসেরা হয়েছেন। কিন্তু জাতীয় দল? প্রাপ্তির খাতাটা একেবারে শূন্য। কিন্তু ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রিভালদো বিশ্বাস করেন, রোনালদোই পারেন পর্তুগালকে কোনো বড় শিরোপা জেতাতে। সেটি হতে পারে বিশ্বকাপ কিংবা ইউরো।
গত বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের শেষ ম্যাচ দেখে পর্তুগিজরা আশায় বুক বেঁধেছিল। জ্বালান ইব্রাহিমোভিচের সুইডেনকে দর্শক বানিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছিল পর্তুগাল। রোনালদোর হ্যাটট্রিকে সওয়ার হয়েই। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলায় তাঁকে এভাবে জ্বলে উঠতে দেখে বিশ্বকাপেও এ ধরনেরই কিছু আশা করেছিল সবাই।
কিন্তু বিশ্বকাপে নিজের ছায়া হয়েই ছিলেন। দেশের হয়ে রোনালদোর সেরা সাফল্য হয়ে থাকল তাই ইউরো ২০০৪ এর ফাইনাল খেলার স্মৃতিই। কিন্তু ইউরো ২০০৪ পর্তুগিজ দলের ওই সাফল্যে সদ্য কৈশোর পেরোনো রোনালদোর ভূমিকা ছিল সামান্য। আবার এখন যা বয়স, তাতে ২০১৬ ইউরো কিংবা ২০১৮ বিশ্বকাপে কি পারবেন তেমন কিছু করতে? রোনালদোকে কিন্তু এখনই হালতে ছাড়তে মানা করেছেন রিভালদো।
বার্সেলোনার এই সাবেক তারকা বলেছেন ‘পর্তুগাল ইউরো জিততেই পারে। এমনকি দলে যতক্ষণ রোনালদো আছে, তাদের পক্ষে বিশ্বকাপ জেতাও সম্ভব। তারা একটি শিরোপার খুব কাছাকাছি। তারা কিন্তু ইউরো জেতার পথে বেশ ভালোভাবেই এগোচ্ছে। তাদের দলে আছে বিশ্বের সেরা খেলোয়াড়। ফলে ইউরো তারা জিততেই পারে।’
দলীয়ভাবে চিন্তা করলে রোনালদোর কাঁধে বিশাল এক দায়িত্ব বর্তাচ্ছেন রিভালদো। আর্জেন্টাইন মেসিকে সহযোগিতা করার জন্য আগুয়েরো, ডি মারিয়া, হিগুয়েন, লাভেজ্জি, মাসচেরানো, পাস্তোরে, রোমেরো কিংবা ওটামেন্ডির মতো বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে। কিন্তু জাতীয় দলের হয়ে যে রোনালদোকে প্রায় একাই লড়তে হয় সব সময়। দলকে কোনো শিরোপা জেতাতে হলেও তাই নিজের শেষ বিন্দু দিয়েই লড়তে হবে।
মাত্র ১৯ বছর বয়সেই ইউরো জেতার কাছাকাছি চলে গিয়েছিলেন রোনালদো। কিন্তু সেবার রানার্স আপ হয়েই ফিরতে হয়েছিল। কালে কালে ত্রিশের কোঠায় পা দিয়েছেন সিআর সেভেন। সময় যাচ্ছে ফুরিয়ে। ক্লাব পর্যায়ের অর্জনে তো ট্রফি কেস ভরিয়ে ফেলেছেন প্রায়। কিন্তু জাতীয় দলের হয়ে জেতা একটি ট্রফির জন্য নিশ্চয় জায়গা রেখে দিয়েছেন এই ক্ষণজন্মা ফুটবলার। জায়গাটি ভরবে তো?