পর্তুগালের আসল প্রতিপক্ষ 'ইতিহাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ও ইউরোতে যে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল, প্রতিটিই পর্তুগালের হতাশার সাক্ষী হয়ে আছে। ইতিহাস আরেকভাবেও চোখ রাঙাচ্ছে রোনালদোদের। নিজেদের দেশে সর্বশেষ দুটি বড় টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। ১৯৮৪ সালে ইউরো জয়ের পর জিতেছে ১৯৯৮ বিশ্বকাপও। না, আজ জিততে সত্যিকার অর্থেই নতুন ইতিহাস গড়তে হবে পর্তুগালকে।

বড় কোনো প্রতিযোগিতায় দুই দলের প্রথম দেখা ১৯৮৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। মার্শেইয়ে অতিরিক্ত সময়ে গড়ানো সেই সেমিফাইনালে ফ্রান্স জেতে ৩-২ গোলে। সবার যখন টাইব্রেকারের জন্য অপেক্ষা, তখনই পর্তুগিজদের হতাশায় ডুবিয়ে দেন মিশেল প্লাতিনি। তাঁর ১১৯ মিনিটের গোলে ফাইনালে ওঠা ফ্রান্স পরে স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো জিতে নেয় ইউরো।

১৯৮৪ সালের ওই সেমিফাইনালে খেলেছেন জেইম পাশেকো। এবারের ফাইনালের আগে পর্তুগিজ মিডফিল্ডার স্মৃতিচারণা করলেন সেই ম্যাচের, ‘আমরা প্রচণ্ড হতাশ হয়েছিলাম। ওই ম্যাচের কথা এখনো মনে হলে কষ্ট পাই। তবে বলতেই হয়, ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল ছিল। যোগ্য দল হিসেবেই ওরা ওই ম্যাচ ও ইউরো জেতে।’

১৬ বছর পর আরেকটি ইউরো, এবারও সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-পর্তুগাল। লুইস ফিগো-রুই কস্তাদের সোনালি প্রজন্মের পর্তুগাল ম্যাচটা হেরে যায় ২-১ গোলে। নুনো গোমেজের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল পর্তুগালই। সে সময়ের বিশ্ব চ্যাম্পিয়নরা সমতায় ফেরে থিয়েরি অঁরির গোলে। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জিনেদিন জিদান যখন ‘গোল্ডেন গোল’টা করলেন, ম্যাচের বয়স তখন ১১৭ মিনিট। বক্সে হ্যান্ডবল করেছিলেন আবেল জেভিয়ার।

পর্তুগালের সেই দলের কোচ হামবার্তো কোয়েলহোকে এখনো পোড়ায় সেই যন্ত্রণা, ‘আমি খেলোয়াড়দের শান্ত রাখার চেষ্টা করেছিলাম। সেবারই প্রথম কোনো সহকারী রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন। মেনে নেওয়াটা কঠিন ছিল, কারণ ওটাই ছিল শেষ। আমি নিশ্চিত, ফাইনালে উঠলে আমরাই চ্যাম্পিয়ন হতাম।’

ছয় বছর পর আবারও সেমিফাইনালেই দেখা, এবার বিশ্বকাপে। আবারও পেনাল্টি থেকে জিদানের গোলে কপাল পুড়ল পর্তুগালের। গোলটা অবশ্য সেবার প্রথমার্ধেই হয়েছিল।

ইতিহাস তাহলে কী বলছে—পর্তুগালের কোনো সুযোগ-ই নেই? এবারের ইউরোই আবার সে কথা ভাবতে দিচ্ছে না। এই ইউরো যে ইতিহাস বদলে দেওয়ার ইউরো। বড় প্রতিযোগিতায় নবমবারের চেষ্টায় প্রথম ইতালির বাধা পেরিয়েছে জার্মানি। টানা তিনটি বড় প্রতিযোগিতায় জার্মানির কাছে হারার পর এবার জিতেছে ফ্রান্স। পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও মারিও এসবকে দেখছেন সুলক্ষণ হিসেবে, ‘জার্মানিকে ওরা অনেক দিন আগে হারিয়েছিল, এবার আবারও হারাল। ফ্রান্সের কাছে আগের হারগুলো ভুলিনি। তবে ওটাই আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।’

গত সেপ্টেম্বরে এক প্রীতি ম্যাচে দুই দলের সর্বশেষ যে ম্যাচ, সেটিও জিতেছিল ফরাসিরাই। সব মিলিয়ে ফেবারিট ফ্রান্সই। মারিও যেটিকে পাত্তাই দিতে চাইলেন না, ‘সম্ভাবনা ম্যাচ জেতায় না। ফরাসিরা যেমন বিশ্বাস করে, তেমনি শতকরা ১০০ জন পর্তুগিজই মনে করে পর্তুগাল জিতবে।’ এএফপি।