পর্তুগালের কাছে হার আর্জেন্টিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার বিপক্ষে কিছুই করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো ছবি: এএফপি।
আর্জেন্টিনার বিপক্ষে কিছুই করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো ছবি: এএফপি।

লড়াইটা ছিল ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে। বিশ্বের সবচেয়ে প্রার্থিত দুই তারকা কাল ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। তবে কাল দর্শকেরা চিনে নিয়েছে পর্তুগালের নতুন এক তারকাকে। ২০ বছর বয়সী রাফায়েল গুয়েররেইরোর শেষ মুহূর্তের গোলই আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের দারুণ এক জয় এনে দিয়েছে পর্তুগালকে।
খেলার অতিরিক্ত সময়ে রিকার্ডো কোয়ারেসমার ক্রসে মাথা লাগিয়ে আর্জেন্টিনা সমর্থকদের হৃদয় হতাশায় ছেয়ে দেন সদ্যই পর্তুগালের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষিক্ত এই গুয়েররেইরো। গত শুক্রবারই আর্মেনিয়ার বিপক্ষে ইউরো’২০১৬ বাছাইয়ে প্রথম মাঠে নেমেছিলেন তিনি।
আর্জেন্টিনার বিপক্ষে জিতে জয় দিয়েই এ বছরটা শেষ করল পর্তুগাল। কালকের জয়টা ছিল পর্তুগালের টানা তৃতীয় ১-০ ব্যবধানের জয়।
কালও পর্তুগালকে কৃতজ্ঞতায় মাথা নোয়াতে হচ্ছে ওই রিকার্ডো কারেসমার প্রতি। সাইড বেঞ্চ থেকে মাঠে এসে এর আগের দুটো ম্যাচেও পর্তুগালের জয়সূচক গোলে অবদান রেখেছিলেন তিনি।
আগেই বলা হয়েছে কাল রোনালদো-মেসির কেউই খুব একটা সুবিধা করতে পারেননি। তবে গোল পেতে পারতেন মেসি। কিন্তু তাঁর সাম্প্রতিককালের বারপোস্ট-দুর্ভাগ্য কাল আবারও উঠেছিল মাথাচাড়া দিয়ে। খেলার ১১ মিনিটের মাথায় খুব কঠিন কোণ থেকে নেওয়া তাঁর একটি শট পোস্টের নিচের দিকে লেগে প্রতিহত হয়। কাল দুই মহাতারকাকেই বিরতির সময় মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। অথচ খেলাটা বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেয়েছিল কিন্তু মেসি-রোনালদো লড়াইকে পুঁজি করেই।
এর আগে খেলার পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। মেসির পাস থেকে বল পেয়ে ​গোলপোস্টের বাইরে বল মারে অ্যাঙ্গেল ডি মারিয়া। খেলায় পর্তুগালের চেয়ে আর্জেন্টিনাই বেশি গোলের সুযোগ তৈরি করতে পেরেছিল। কিন্তু ​গোল না পাওয়ার ব্যর্থতাই শেষ অবধি জিততে দেয়নি বিশ্বকাপ রানার্সআপদের। সূত্র: এএফপি।