পর্তুগালের জার্সিতেও উজ্জ্বল রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোকে পেয়ে বসেছে গোলের নেশা। গোল না হলে তাঁর চলেই না!
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে দুই গোল করেছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। দুই গোল করলেন পরশুও, এবার পর্তুগালের জার্সিতে। তাতেই পরশু ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাটভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
তবে রোনালদো নন, অন্যভাবে পরশু সবাইকে চমকে দিয়েছেন হুগো লরিস। তাঁর হাস্যকর ভুলেই ম্যাচের অন্তিম মুহূর্তে গোল খেয়ে সুইডেনের কাছে ২-১ গোলে হেরেছে ফ্রান্স! একই গ্রুপে হল্যান্ড পেয়েছে বড় জয়। দ্বিতীয় দফায় কোচ হয়ে ফেরা ডিক অ্যাডভোকাটের প্রথম ম্যাচে লুক্সেমবার্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচ্রা।
অলিভিয়ের জিরু রাগই করতে পারেন লরিসের ওপর। ফ্রান্সের গোলকিপার-অধিনায়ক অমন ভুল না করলে যে সবটুকু আলো থাকত জিরুর দুর্দান্ত গোলটার ওপরই! ৩৭ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন আর্সেনাল স্ট্রাইকার। ছয় মিনিট পরই অবশ্য সমতা ফেরান সুইডেনের জিমি দুরমাজ। আর ৯৩ মিনিটে লরিসের দুঃস্বপ্নের সেই মুহূর্ত। সতীর্থ ডিফেন্ডারের ব্যাক পাস ধরতে পোস্ট ছেড়ে বের হন, বল ধরেই বাড়ান সামনে। কিন্তু মাঝমাঠে ফ্রান্সের সীমানায়ই সেটি পড়ে ওলা তইভোনেনের পায়ে। ৫০ গজ দূর থেকেই সুইডিশ ফরোয়ার্ডের শট জড়িয়ে যায় ফাঁকা পোস্টে।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম অবশ্য লরিসকে সরাসরি দুষছেন না, ‘ওকে দোষী করব না। ও বলটা যদি আরও দূরে পাঠাতে পারত, কোনোভাবেই সেটি ফেরত আসত না। তবে ও জানে ভুলটা ওর, এবং সে জন্যই আমরা হেরেছি।’ এই হারে সুইডেনের সমান পয়েন্ট (১৩) নিয়ে গ্রুপে দ্বিতীয় ফ্রান্স।
জয়ের পরও সুইজারল্যান্ডের (৬ ম্যাচে ১৮ পয়েন্ট) চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে গ্রুপে দ্বিতীয় পর্তুগাল। লাটভিয়ার স্কোন্তো স্টেডিয়ামে পরশু ৪১ ও ৬৩ মিনিটে গোল দুটি করেন রোনালদো, ৬৭ মিনিটে তাঁর পাস থেকেই দলের তৃতীয় গোলটি করেন আন্দ্রে সিলভা।
বড় দলগুলোর জয়ের রাতে পরশু ইতিহাস গড়েছে পুঁচকে অ্যান্ডোরা। টানা ৬৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে জয়হীন দলটি ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে! ম্যাচের ২৬ মিনিটে অ্যান্ডোরার ইতিহাসগড়া গোলটি করেছেন মার্ক রেবেস।উয়েফাডটকম, ইএসপিএন।