পর্তুগালের দুঃস্বপ্নের রাত
ম্যাচ তখনো শেষ হয়নি। লিসবনের মিউনিসিপ্যাল স্টেডিয়ামের ২৩ হাজার দর্শকের দুয়োয় টেকা দায় পর্তুগাল দলের। সাদা রুমাল নেড়ে দর্শকেরা বুঝিয়ে দিচ্ছিল, এই দলের ওপর তাদের আর কোনো আস্থা নেই।
এমন মনে করার কারণ ছিল বৈকি। র্যাঙ্কিংয়ে ৭১ নম্বর দল আলবেনিয়া, বড় কোনো টুর্নামেন্টে কখনো খেলেনি। কি ধারে, কি ভারে পর্তুগালের সঙ্গে তাদের তুলনাই হয় না। সেই পুঁচকে আলবেনিয়াই পরশু হারিয়ে দিল পাওলো বেন্তোর দলকে, তা-ও আবার তাদের মাটিতে। নিজেদের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে পর্তুগাল সর্বশেষ হেরেছে সেই ছয় বছর আগে। পরশু আলবেনিয়ার কাছে ১-০ গোলে হারের পর দুয়ো তাই অপ্রত্যাশিত ছিল না। জার্মানির জন্যও রাতটা হতে পারত হোঁচট খাওয়ার। শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোর বাছাইপর্বে শুভসূচনাই করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের দুর্দান্ত ফর্মটা এখানেও টেনে এনেছেন টমাস মুলার, করেছেন জোড়া গোল।
চোটের কারণে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না। এই দলটা যে ‘সিআর সেভেন’ সর্বস্ব, সেটাই বোঝা গেল গত পরশু। একের পর এক উদ্দেশ্যহীন আক্রমণ করে গেছে পর্তুগাল, কিন্তু তার একটিকেও পরিণতি দিতে পারেননি কেউ। উল্টো আলবেনিয়াই পাল্টা-আক্রমণ থেকে একটি গোল করে বসে। আর এটিই ছিল পুরো ম্যাচে গোলে তাদের একমাত্র শট।
কোচ পাওলো বেন্তো পরে স্বীকার করেছেন জনরোষটা স্বাভাবিকই, ‘এটাই (দুয়ো) স্বাভাবিক। আমরা জানি মানুষ মনঃক্ষুণ্ণ হয়েছে। সেটা মেনেই আমাদের নিজেদের কাজ করে যেতে হবে।’ মিডফিল্ডার হোয়াও মুতিনহোও কোনো অজুহাত দেননি, ‘আমাদের আরও ভালো করতে হবে, কোনো অজুহাত দাঁড় করিয়ে লাভ নেই।’
ভাগ্য ভালো, জোয়াকিম লোকে একই অজুহাত দিতে হয়নি। সিগনাল ইডুনা পার্কে স্কটল্যান্ড তো কাঁপিয়েই দিয়েছিল তাদের। ১৮ মিনিটে মুলারের হেডে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৬ মিনিটে ইকেচি আনইয়া দারুণ এক প্রতি-আক্রমণে সমতায় আনেন স্কটদের। চার মিনিট পর জয়সূচক গোলটি করেন মুলার। শেষ দিকে তাঁর একটি শট পোস্টে না লাগলে হ্যাটট্রিকই হয়ে যেত। কষ্টার্জিত হলেও জয় পেয়েই সন্তুষ্ট লো, ‘আমি ৩ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট। এটা পরিষ্কার, স্কটদের হারানোর কিছু ছিল না। বিশ্বকাপের পর কাজটা কঠিন হবে জানতাম, বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই আমাদের নামতে হয়েছে।’ রয়টার্স, এএফপি।
এক নজরে
জার্মানি ২ - ১ স্কটল্যান্ড
জর্জিয়া ১ - ২ আয়ারল্যান্ড
জিব্রাল্টার ০ - ৭ পোল্যান্ড
হাঙ্গেরি ১ - ২ উত্তর আয়ারল্যান্ড
ফারো আইল্যান্ড ১ - ৩ ফিনল্যান্ড
গ্রিস ০ - ১ রোমানিয়া
ডেনমার্ক ২ - ১ আর্মেনিয়া
পর্তুগাল ০ - ১ আলবেনিয়া
* আগে স্বাগতিক দল