পর্তুগালের রোনালদো-ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরোক্কোয় বন্ধুদের সঙ্গে রোনালদো
মরোক্কোয় বন্ধুদের সঙ্গে রোনালদো

পর্তুগালের ইউরো নিশ্চিত হয়ে গিয়েছিল ডেনমার্কের বিপক্ষে আগের ম্যাচে ১-০ গোলে জয়ের পরই। সার্বিয়ার বিপক্ষে গত রাতে হয়ে যাওয়া শেষ ম্যাচে তাই ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। হঠাৎ পাওয়া ছুটিটা কী দারুণভাবেই না উপভোগ করছেন পর্তুগিজ অধিনায়ক!
ডেনমার্কের বিপক্ষে ৮ অক্টোবরের ওই ম্যাচেরই পরই নিজের ব্যক্তিগত জেটে রোনালদো উড়াল দিয়েছেন মরক্কোতে। ইনস্টাগ্রামে রিয়াল মাদ্রিদ উইঙ্গারের দেওয়া ছবিতেই দেখা যাচ্ছে সেখানে দারুণ কিছু বন্ধুও জুটেছে তাঁর। নতুন বন্ধুদের সঙ্গেই কখনো মরক্কোর পোশাক পরে ঘুরছেন, বাহারি খাবার চেখে দেখছেন, আরও কত কী!
বাছাইপর্বের শেষ ম্যাচটা না খেললেও আগামী বছর ফ্রান্সে হতে যাওয়া টুর্নামেন্টে কিন্তু রোনালদোর দিকেই তাকিয়ে থাকবে পর্তুগিজরা। সেটাই স্বাভাবিক। রোনালদো-যুগের আগে ১৭ বারের চেষ্টায় পর্তুগাল বিশ্বকাপ খেলেছে মাত্র ৩ বার। সমানসংখ্যক ইউরো খেলেছে ১১ বারের চেষ্টায়। কিন্তু ২০০৪ সালে জাতীয় দলের হয়ে রোনালদোর অভিষেকের পর হওয়া তিনটি বিশ্বকাপ ও তিনটি ইউরোর সবগুলোতেই খেলেছে পর্তুগাল। এই রোনালদো-ভাগ্য আসলেই একটা বড় ব্যাপার! এখন তো ইউরো চূড়ান্ত পর্বে উঠে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বিশ্বাস করতে শুরু করেছেন, পর্তুগালের পক্ষে প্রথমবারের মতো ইউরো জেতাও সম্ভব। এএফপি।