পর্তুগালের সাত গোলে রোনালদোর দুই

এটাই হয়তো তাঁর শেষ ইউরো। জাতীয় দলের হয়ে অপূর্ণতাটা মুছে ফেলার আরও একটা সুযোগ। ক্রিস্টিয়ানো রোনালদো পারবেন? উত্তর মিলবে আরও অনেক পরে। তবে ইউরো মিশন শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিল রোনালদোর দল। এস্তোনিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। পর্তুগালের সর্বোচ্চ গোলের রেকর্ডটা ৫৮-তে নিয়ে গেলেন রোনালদো।
দারুণ জয়। কিন্তু রোনালদো দলকে মাটিতেই পা রাখতে বলছেন, ‘আমরা আজ দেখিয়েছি দল প্রত্যেকটা বিভাগেই ভালো করছে। আমরা সাত গোল করেছি, কিন্তু এটা খুব বড় ব্যাপার নয়। আমাদের পা মাটিতেই রাখতে হবে। ইউরো খুবই কঠিন একটা টুর্নামেন্ট। আমাদের প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’
‘এফ’ গ্রুপে পর্তুগালের সঙ্গে পড়েছে আইসল্যান্ড, অস্ট্রিয়া আর হাঙ্গেরি। আগামী বুধবার (মঙ্গলবার দিবাগত রাত) বাংলাদেশ সময় রাত একটায় আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু হবে রোনালদোর।
প্রস্তুতি ম্যাচে নরওয়ের বিপক্ষে জিতলেও ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল পর্তুগাল। নরওয়ে ম্যাচে আলো ছড়ানো রিকার্ডো কুয়ারেজমা কালকের ম্যাচেও করেছেন জোড়া গোল। একটি গোল আত্মঘাতী। বাকি দুটি গোল করেছেন দানিলো আর এদের।