পর্তুগিজ ক্লাবে রিভালদোর ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা রিভালদো ক্যারিয়ারের শেষ করেছিলেন ব্রাজিলিয়ান ক্লাব মোগি মিরিমের হয়ে খেলে। ওই ক্লাবের হয়েই অভিষেক তাঁর ছেলে রিভালদিনহোর। এই তো গত মাসে মিরিমের হয়ে বাবা-ছেলে একই ম্যাচে গোল করে চমকও জাগিয়েছিলেন। শুধু ওই ম্যাচ নয়, ব্রাজিলিয়ান সিরি ‘বি’-এর ক্লাবটির হয়ে সর্বশেষ মৌসুমের পুরোটাই দারুণ খেলেছেন রিভালদিনহো। ৪৭ ম্যাচে ১১টি গোলও করেছেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ওই পারফরম্যান্স দেখেই এবার তাঁকে দলে টেনেছে পর্তুগালের সর্বোচ্চ লিগের দল বোয়াভিস্তা। পোর্তো শহরের এ ক্লাবটির সঙ্গে রিভালদিনহোর চুক্তি হয়েছে তিন বছরের। বাবা রিভালদো একসময় ইউরোপ মাতিয়েছেন, ১৯৯৯ সালে বার্সেলোনায় থাকার সময়ে জিতেছেন ব্যালন ডি’অরও। এবার ইউরোপে অভিষেকের অপেক্ষায় নিশ্চয়ই দারুণ রোমাঞ্চিত ছেলে রিভালদিনহোও। আইএএনএস।