পর্দার আড়ালে অনেক কিছু হয় বলে মেসি-রোনালদো সেরা তিনে

এবারও বর্ষসেরার প্রথম তিনে আছেন মেসি–রোনালদো।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় দশক ধরে ফুটবলে রাজত্ব করছেন দুজন। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া কোনো পুরস্কারের কথা ভাবাই যায়নি। শেষ পর্যন্ত যিনিই জিতুন না কেন, সেরা তিনে এ দুজন ছিলেন। মাঝেমধ্যে একজন বাদ পড়লেও অন্যজন ঠিকই নিজের অবস্থান ধরে রেখেছেন।

২০২০ সালের ফিফা দ্য বেস্টের পুরস্কারের সেরা তিনেও আছেন মেসি-রোনালদো এবং এই প্রথমবারের মতো এ দুজনের জায়গা পাওয়া প্রশ্ন তুলে দিয়েছে অনেকের মধ্যে। প্রজন্মের সেরা দুই ফুটবলার হতে পারেন, কিন্তু ২০২০ সালটা যে ভালো যায়নি কারও। মেসি তো বহু বছর পর শিরোপাহীন এক বছর কাটিয়েছেন, ওদিকে রোনালদো জিতেছেন কেবল সিরি ‘আ’ শিরোপা। যেটা রোনালদো যোগ দেওয়ার অর্ধযুগ আগ থেকে জুভেন্টাসেরই সম্পত্তি। দিমিতার বারবাতভের চোখে ফুটবল একটা ব্যবসায় পরিণত হওয়াই এ দুজনকে বছরের সেরা তিনে জায়গা করে দিয়েছে।

এ বছরের সেরা লেভাকেও রাখা হয়েছে সেরা তিন–এ।
ছবি: রয়টার্স

এ বছরের সেরা ফুটবলার কে? এ প্রশ্নের উত্তরে সবাই রবার্ট লেভানডফস্কির নামই বলবেন। বায়ার্ন মিউনিখের হয়ে অবিশ্বাস্য এক বছর কাটিয়েছেন। গত মৌসুমে ম্যাচপ্রতি একটির বেশি গোল করেছেন, বায়ার্নকে জিতিয়েছেন ট্রেবল। গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করা লেভানডফস্কি এ মৌসুমেও আছেন আগুনে ফর্মে। ১৭ ম্যাচেই ১৮ গোল হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ফিফা বেস্টে আছেন লেভানডফস্কি। পোলিশ স্ট্রাইকারের সঙ্গের দুটি নাম মেসি ও রোনালদো।

২০২০ সালে ক্লাবের জার্সিতে গতকাল পর্যন্ত মেসির গোল ২৪টি। আর আর্জেন্টিনার হয়ে করেছেন এক গোল। সে তুলনায় একটু এগিয়ে রোনালদো। নামের পাশে একটি শিরোপা আছে। ওদিকে ক্লাবের হয়ে করেছেন ৩৭ গোল, জাতীয় দলের হয়ে ৩টি। কিন্তু গত মৌসুমে সিরি ‘আ’রই সেরা খেলোয়াড় হিসেবে রোনালদো নন, নির্বাচিত হয়েছিল ক্লাব সতীর্থ পাওলো দিবালা।

এবার শিরোপাহীন এক বছর কাটালেন মেসি।
ছবি: এএফপি

ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের জার্সিতে খেলা বারবাতভের তাই এ দুজনের সেরা তিনে থাকা ব্যবসার অংশ মনে হচ্ছে, ‘সেরা তিনে ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসি জায়গা পাওয়ায় আমি বিস্মিত হয়েছি। আমি নিশ্চিত নই, দুজনের কারও এখানে থাকা উচিত কি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফুটবল একটা ব্যবসা এবং এখানে পর্দার আড়ালে অনেক কিছু হয়। তাদের এজেন্ট, সংবাদমাধ্যম…অনেক কিছুই চলে, যা আমরা ক্যামেরায় বা খালি চোখে দেখি না।’

এ বছর মাত্র একটি শিরোপা জিতেছেন রোনালদো।
ছবি: রয়টার্স

সেরা তিনে মেসি-রোনালদোর জায়গা পাওয়া নিয়ে এখন আর প্রশ্ন তুলে লাভ নেই। আজ রাতেই ঘোষণা করা হবে, কে হয়েছেন এ বছরের সেরা ফুটবলার। বারবাতভের চোখে এ পুরস্কার শুধু একজনই পেতে পারেন, ‘২০২০–এর দ্য বেস্ট শুধু লেভানডফস্কিই পেতে পারে। সে যদি এটা না জেতে, তবে অনেক বড় অন্যায় হবে। আমি নিশ্চিত নই, এবার লেভানডফস্কির সঙ্গে সেরা তিনে কে থাকতে পারত। সবারই নিজস্ব মতামত থাকে, কে সেরা বা কার জেতা উচিত…। এ বছর অবশ্য কে দ্বিতীয় হলো বা তৃতীয়, এতে কিছু যায়–আসে না। লেভানডফস্কিরই জেতা উচিত।’