পর্যটক-ফুটবলারেই পানামার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লাস পেরেজ
ব্লাস পেরেজ

পেলে-ম্যারাডোনার চেয়েও ছোটবেলায় সম্ভবত ইবনে বতুতার জীবন তাঁকে বেশি টেনেছিল। ফুটবলার হিসেবে ঠিক বড় মাপের বলা যাবে না। তবে ক্যারিয়ার শেষে ব্লাস পেরেজ অন্তত বলতে পারবেন, ‘আর যা-ই হোক, ফুটবলার হওয়ায় অনেকগুলো দেশ তো দেখেছি।’
ফুটবল খেলার জন্যই ঘুরেছেন আটটি ভিন্ন দেশে। এই ‘পর্যটক’ ফুটবলার শতবর্ষপূর্তি কোপা আমেরিকায় কাল নিজ দেশের হয়ে গড়লেন ইতিহাস। প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে এসেছে পানামা, তাতে প্রথম ম্যাচে পেরেজের জোড়া গোল জিতিয়েছে মধ্য-দক্ষিণ আফ্রিকার দেশটিকে। বলিভিয়াকে হারিয়েছে ২-১ গোলে।
১৯৯৮ সালে পানামারই ক্লাব পানামা ভিয়েজোর হয়ে ক্যারিয়ার শুরু, এরপর উরুগুয়ে, মেক্সিকো, কলম্বিয়া, স্পেন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলেছেন ১৬টি ভিন্ন ক্লাবে। তবে সেরাটা সম্ভবত সব সময় নিজ দেশের জন্যই জমিয়ে রাখেন পেরেজ। পানামার জার্সিতে ১০৬ ম্যাচে ৪১ গোল করেছেন, যার সর্বশেষ দুটি কাল গড়ল ইতিহাস।
কোনো দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে এটি ছিল পানামার প্রথম ম্যাচ। জয়ের আনন্দটা কত বেশি, সেটি বোঝা যাচ্ছিল ৮৭ মিনিটে পেরেজের দ্বিতীয় গোলের পর। মাঠেই দলের সব খেলোয়াড় তাঁর গায়ে চড়ে বসেছিলেন। এর আগে ১১ মিনিটে পেরেজের গোলে পানামা এগিয়ে যাওয়ার পর বলিভিয়াকে সমতায় ফেরান হুয়ান আর্চ।
কখনো বিশ্বকাপের চূড়ান্তপর্বে উঠতে না পারা পানামাকে এমন ইতিহাসের স্বাদ দেওয়া পেরেজ নিজে কতটা আনন্দিত সেটা না বললেও চলত। ম্যাচের পর ৩৫ বছর বয়সী স্ট্রাইকার বললেন, ‘জয়টা আমরা বেশ উপভোগ করছি। এবারই কোপায় প্রথম ম্যাচ খেলছি, তাতে এমন জয় অনেক আনন্দের।’
টুর্নামেন্টে পরের দুটি ম্যাচ আর্জেন্টিনা ও চিলির বিপক্ষে। সেগুলোতে পানামাকে আরও এমন আনন্দের উপলক্ষ পেরেজ এনে দিতে পারবেন কি না, কে জানে। তবে না পারলেও সমস্যা নেই, এই টুর্নামেন্টে তো তিনি এসেছেনই ‘পর্যটকে’র দৃষ্টিভঙ্গি নিয়ে—ঘুরতে আর উপভোগ করতে। এএফপি।