পাঁচ গোলের দুঃস্বপ্ন নিয়ে তাজিকদের মুখোমুখি

আস্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে তাজিকিস্তান বেশ অদ্ভুত। মধ্য এশিয়ার এই দেশটির বিপক্ষে বাংলাদেশের একাধিকবার ৫/৬ গোলে হারের ইতিহাস যেমন আছে, তেমনি আছে জয়ের ইতিহাসও। এই তো গত বছর জুনে বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচে জিততে জিততে ড্র করে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচটিতে অবশ্য তাজিকিস্তানের হিম শীতল আবহাওয়ায় ৫-০ গোলে হেরে ফিরতে হয়েছে বাংলাদেশকে। নতুন করে আগামীকাল এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফে এই তাজিকিস্তানের মুখোমুখি হওয়ার আগে আশা-নিরাশার দোলাচলে বাংলাদেশের খেলোয়াড়েরা।
ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলামের বক্তব্যেও এল গত নভেম্বরে দুশানবের সেই দুঃস্বপ্নের কথা। তবে সেই দুঃস্বপ্নকে এবার পেছনে ফেলার প্রত্যয়ই জানিয়েছেন তিনি, ‘অ্যাওয়ে ম্যাচ যেকোনো দলের জন্যই কঠিন। শেষবার এই তাজিকিস্তানের বিপক্ষেই আমরা হেরেছিলাম পাঁচ গোলে। এবার আমাদের দল ভালো অবস্থায় আছে। আমরা লড়াই করতে প্রস্তুত।’
দুশানবের আবহাওয়াই মামুনুলকে সাহস জোগাচ্ছে। গত নভেম্বরের সেই বৃষ্টিভেজা কনকনে ঠান্ডা আবাহাওয়া থাকার শঙ্কা এবার তেমন নেই। তাজিকিস্তানে এখন চমৎকার নাতিশীতোষ্ণ পরিবেশ। এমন আবাহাওয়াই প্রত্যাশিত বাংলাদেশ দলের জন্য। আবহাওয়া বিবেচনা করেই তাজিকিস্তানের বিপক্ষে পাঁচ গোলের দুঃস্বপ্ন ভোলার অপেক্ষায় বাংলাদেশ।
গত নভেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন না লোডভিক ডি ক্রুইফ। ইতালীয় কোচ ফাবিও লোপেজের অধীনেই সেদিন ঘটেছিল সেই বিপর্যয়। আজ সংবাদ সম্মেলনে তাজিকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫ গোলে হারের কোনো দায়-দায়িত্ব তাই নিতে চাইলেন না এই ডাচ কোচ, ‘নভেম্বরে আমি ছিলাম না। বেশ কিছু দিন বিরতি দিয়ে আমি বাংলাদেশ দলের দায়িত্বে ফিরেছি। গত জুনে হোম ম্যাচ আমরা ১-১ গোলে ড্র করেছিলাম। সেই ম্যাচে আমি কোচ ছিলাম। ওই ম্যাচটা আমরা জিততে পারতাম। কিন্তু যোগ করা সময়ে গোল খেয়ে জিততে পারিনি। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আমরা এমন একটা ম্যাচ নিয়ে কথা বলছি, যে খেলাটা এখনো মাঠে গড়ায়নি। ম্যাচে আমরা শেষ পর্যন্ত লড়তে চাই। প্রস্তুতি আমাদের ভালোই হয়েছে, এখন দেখতে চাই ছেলেরা ম্যাচটা কেমন খেলে।’
আগামীকাল শুক্রবার এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ জুন হোম বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের হোম ম্যাচটি।