পাঁচ গোল করেও মন জিতলেন না রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল সমর্থকদের একটা উল্লেখযোগ্য অংশ রোনালদোকে বাদ দেওয়ার পক্ষে! ফাইল ছবি
রিয়াল সমর্থকদের একটা উল্লেখযোগ্য অংশ রোনালদোকে বাদ দেওয়ার পক্ষে! ফাইল ছবি

এক ম্যাচেই করেছেন পাঁচ গোল। রিয়াল মাদ্রিদও জিতেছে ৯-১ গোলের বড় ব্যবধানে। তবুও যেন ভক্তদের মন জিততে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ সমর্থকদের একটা বড় অংশ এখনো তাঁর ওপর অসন্তুষ্ট। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর একটি জরিপে বেশ বড় অংশের মানুষ ভোট দিয়েছে রোনালদোকে দল থেকে বাদ দেওয়ার পক্ষে।
গত রোববার গ্রেনাডার বিপক্ষে ম্যাচটির পর এই জরিপের আয়োজন করা হয়। জরিপে অংশ নেন ১৪ হাজার রিয়াল সমর্থক। সাতজন খেলোয়াড়ের নাম তুলে দিয়ে বলা হয়, এঁদের মধ্যে কার একাদশ থেকে বাদ পড়া উচিত। গত ম্যাচে প্রথম গোলটি করলেও সর্বাধিক ৩১ দশমিক ৯৪ শতাংশ (৪ হাজার ৪৯৫ জন) মনে করেন গ্যারেথ বেলের একাদশে থাকা উচিত নয়। বেলের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ দশমিক ৪৪ (২ হাজার ৫৯৫) ভোটদাতা মনে করেছেন ইসকোকে বাদ দেওয়া উচিত।
তিন নম্বর নামটিই চমকে দিয়েছে। এই মৌসুমে লিগে ৩৬ গোল করেছেন। শুধু তা-ই নয়, রোনালদোকে ছাড়া রিয়ালের একাদশ কল্পনা করাই অসম্ভব। তার পরও ১৫ দশমিক ২৬ শতাংশ মনে করেন, রোনালদোকে বাদ দেওয়া দরকার। এমন মতে বিশ্বাসীদের সংখ্যা ২ হাজার ১৪৭ জন। রিয়ালের হয়ে ২৮৭ ম্যাচে ২৯৯ গোল করেও ভক্তদের সবার মন জিতে নিতে পারেননি রোনালদো।
গত এল ক্লাসিকোতে হেরে যাওয়া, লিগের শীর্ষস্থান হারানো, কোপা ডেল রেতে আগেই ছিটকে পড়া—সব মিলিয়েই হয়তো এখনো রিয়াল সমর্থকদের একটা অংশ নাখোশ রোনালদোর ওপর। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে লজ্জাজনক পরাজয়ের পরও জন্মদিনের পার্টি করে আনন্দে মেতে উঠে আনুগত্যের প্রশ্ন তুলে দেওয়া রোনালদোর ওপর রাগটা মনে হচ্ছে এখনো কমেনি!