পাঁচ গোল দিয়ে হারের দুঃখ ভুলল সিটি

আজ সিটির গোল পেতে কোনো কষ্ট হয়নিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে আলোচনাটা ম্যাচ নিয়ে নয়, হচ্ছিল সম্ভাব্য দলবদল নিয়ে। নতুন মৌসুমের আগে দুজনকে লক্ষ্য বানিয়েছে সিটি। তাঁদের একজন জ্যাক গ্রিলিশ সিটির হয়েই সেদিন মাঠে নেমেছিলেন। কিন্তু অন্যজন হ্যারি কেইনকে পেতেই যত ঝামেলা। সেদিনের প্রতিপক্ষ টটেনহামকে যে কোনোভাবে এই দলবদলে রাজি করানো যাচ্ছিল না।

এই আলোচনার মধ্যে ম্যাচে বড় ধাক্কা খেয়েছিল ম্যানচেস্টার সিটি। দলবদলের আলোচনার কারণে হোক, কিংবা প্রস্তুতির অভাবে, সেদিন কেইন মাঠে নামেননি। তবু টটেনহামের কাছে ১-০ গোলে হেরে বসেছিল পেপ গার্দিওলার দল। সে হারের জ্বলুনি আজ টের পেল নরউইচ। আবার প্রিমিয়ার লিগে উঠে আসা দলটিকে ৫-০ গোলে আজ উড়িয়ে দিয়েছে সিটি।

দারুণ খেলেছেন জেসুস
ছবি: রয়টার্স

কেইনের সিটিতে যাওয়ার সম্ভাবনায় কপাল পুড়বে গ্যাব্রিয়েল জেসুসের। চার বছর আগে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষ দলকে তটস্থ রাখেন। এই চার বছরে ৮২টি গোলও করেছেন সিটির হয়ে। ৯ নম্বর জার্সি গায়ে চাপালেও দলের মূল স্ট্রাইকার হয়ে ওঠা হচ্ছে না তাঁর। প্রথম ম্যাচে বেঞ্চেই ছিলেন। তাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্য রসিকতাও হয়েছে। দলে অন্য কোনো স্ট্রাইকার নেই, তবু বদলি হয়ে খেলতে হচ্ছে জেসুসকে।

গোলের পর জেসুসকে ধন্যবাদ গ্রিলিশের
ছবি: রয়টার্স

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আজ তাই নিজেকে প্রমাণের মিশন নিয়ে নেমেছিলেন। ম্যাচের সাত মিনিটেই দলকে এগিয়ে দিয়েছেন জেসুস। ডান দিক থেকে তাঁর নেওয়া শট ঠেকাতে গিয়ে বল জালে পাঠিয়েছেন নরউইচ গোলকিপার। ২২ মিনিটে সিটির দ্বিতীয় গোলেও আছেন জেসুস। এবারও দান দিকে থেকে ক্রস করেছিলেন। সে বল কিছু বুঝে না ওঠা গ্রিলিশের গায়ে লেগে চলে গেল জালে। ভাগ্যপ্রসূত এক গোল দিয়ে সিটির মাঠের অভিষেকে গোল হয়ে গেল এই মিডফিল্ডারের।

দলের পঞ্চম গোলটি মাহরেজের
ছবি: রয়টার্স

এর ৭ মিনিট আগেই আরেকটি গোল করিয়েছিলেন জেসুস। কিন্তু ফেরান তোরেসকে দিয়ে করানো সে গোল অফসাইডে বাতিল হয়েছে। ৭১ মিনিটে রাহিম স্টার্লিংকে দিয়েও আবার গোল করালেন জেসুস। এবারও গোলদাতাকে শুধু পা ছোঁয়াতে হয়েছে। এর আগেই অবশ্য আরেকটি গোল পেয়েছে সিটি। কর্নার থেকে হেড করেছিলেন আয়মেরিক লাপোর্ত। সে বল ঠিকভাবে ফেরাতে পারেনি নরউইচ রক্ষণ। কিন্তু ফিরতি বল ঠিকই চলে এসেছে লাপোর্তের কাছে। এবার আর গোল আটকে রাখা যায়নি।
ম্যাচের ৮৪ মিনিটে পঞ্চম গোলটি পেয়েছে সিটি। রুবেন ডিয়াজের ক্রস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে গেছে বদলি নামা রিয়াদ মাহরেজকে।