পাঁচ তারকা মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে ‘অফিস সাজানোর’ উপহার হিসেবে প্রশংসাপত্রগুলো পেয়ে উচ্ছ্বসিত মরিনহো l ফক্স স্পোর্টস
গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে ‘অফিস সাজানোর’ উপহার হিসেবে প্রশংসাপত্রগুলো পেয়ে উচ্ছ্বসিত মরিনহো l ফক্স স্পোর্টস

মৌসুমের শুরুটা হয়েছে যাচ্ছেতাই। প্রথম চার ম্যাচে সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। গত মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকে যেন চেনাই যাচ্ছে না এবার। কোচ হিসেবে কিছুটা চাপেই পড়ে গিয়েছিলেন হোসে মরিনহো। তাঁকে প্রেরণা জোগাতেই কিনা সামনে এগিয়ে এল তাঁর অতীত। পোর্তো, চেলসি (২ বারে), ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময়ে মরিনহোর পাঁচটি কীর্তি জায়গা করে নিয়েছে গিনেস রেকর্ড বইয়ে। গত পরশু চেলসির প্রশিক্ষণ মাঠ কোবহামে গিয়ে ৫২ বছর বয়সী এই পর্তুগিজ কোচের হাতে সনদ তুলে দিয়েছে গিনেস কর্তৃপক্ষ।
১০ সেপ্টেম্বর প্রকাশিতব্য ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০১৬’-তে মরিনহোর রেকর্ড থাকছে এই পাঁচটি:
সব ক্লাব মিলিয়ে সময়ের হিসাবে ঘরের মাঠে টানা অপরাজিত থাকার রেকর্ড (৯ বছর, ২৩ ফেব্রুয়ারি ২০০২ থেকে ২ এপ্রিল ২০১১)
ভিন্ন ক্লাবের হয়ে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জয় (২টি, পোর্তো ও ইন্টার মিলান)
চ্যাম্পিয়নস লিগে ১০০ ম্যাচে ডাগ-আউটে থাকা সবচেয়ে কম বয়সী কোচ (৪৯ বছর ১২ দিন)
প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট (৯৫, মৌসুম ২০০৪-০৫)
প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত (৭৭, চেলসির হয়ে দুই দফায়)
স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত মরিনহো প্রশংসাপত্রগুলো পাওয়ামাত্রই টাঙিয়ে দিয়েছেন তাঁর অফিসের দেয়ালে। তবে চেলসির ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় পরিমিতি বজায় রেখেছেন, ‘ব্যাপারটা মজার, শিশু বয়সে আপনি কখনোই কল্পনা করতে পারতেন না যে একদিন গিনেস রেকর্ড বইয়ে থাকবেন। তবে পুরস্কারগুলো আমি অতীতে যা করেছি তার স্বীকৃতি। অবশ্যই এটা আনন্দের, কিন্তু আমার কাছে ভবিষ্যতে কী করতে পারি সেটা বেশি গুরুত্বপূর্ণ।’ ডেইলি এক্সপ্রেস, গোলডটকম।