পাঁচ দুগুণে দশে আর্সেনাল বশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে আবারও আর্সেনালের লজ্জার হার। ছবি: রয়টার্স
চ্যাম্পিয়নস লিগে আবারও আর্সেনালের লজ্জার হার। ছবি: রয়টার্স

১৫ ফেব্রুয়ারি, ৭ মার্চ। নিশ্চিত বহুদিন আর্সেন ওয়েঙ্গারের দুঃস্বপ্ন হয়ে হানা দেবে তারিখ দুটি। এ দুই দিনে যে বায়ার্ন মিউনিখ লজ্জা তিলক এঁকে দিয়েছে আর্সেনালের কপালে। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় ৫-১ গোলে হেরেছিল আর্সেনাল। কাল ঘরের মাঠ এমিরেটসেও স্কোর লাইনে কোনো পরিবর্তন আসেনি। বায়ার্নের কাছে ৫-১ গোলেই হেরেছে ওয়েঙ্গারের দল।
আর্সেনাল সমর্থকেরা হতাশায় পুড়তে পারে, এবার কিন্তু শুরু থেকে অতটা আধিপত্য করতে পারেনি বায়ার্ন। ৫ গোলের সব কটিই দ্বিতীয়ার্ধে। ৫৫ থেকে ৮৫—এই ৩০ মিনিটে। এর মধ্যে শেষ তিনটি গোল ৮ মিনিটের ব্যবধানে।
আর এর শুরুটা হয়েছিল ৫৫ মিনিটে লেভানডফস্কির পেনাল্টি গোলে। পেনাল্টির পাশাপাশির লাল কার্ডের শাস্তিও পায় আর্সেনাল। এখান থেকে আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। লেভার দেখান পথে ৬৮ মিনিটে রোবেন, ৭৮ মিনিটে ডগলাস কস্তা, ৮০ ও ৮৫ মিনিটে আরতুরো ভিদাল করেন জোড়া গোল।
আর তাতেই দুই লেগ মিলিয়ে আর্সেনাল হজম করেছে দশ-দশটা গোল! চ্যাম্পিয়নস লিগে দুই লেগ মিলিয়ে কোনো দলের এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার। প্রথমটির সঙ্গেও জড়িয়ে আছে বায়ার্নের নাম। ২০০৯ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংকে দুই লেগ মিলিয়ে ১২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন।
কাল বেশ কিছু লজ্জার রেকর্ড সঙ্গী হয়েছে গানারদের—

৭—এ নিয়ে টানা সাত মৌসুম আর্সেনাল বিদায় নিল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে।
২৬—চ্যাম্পিয়নস লিগে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি গোল দিয়েছে বার্সেলোনা। সেল্টিকের জালে এখনো পর্যন্ত ২৭ গোল দিয়েছে কাতালানরা। এরপরই আছে বায়ার্ন। আর্সেনালকে এখনো পর্যন্ত ২৬ গোল দিয়েছে বায়ার্ন।
৭—নকআউট পর্বে আর্সেনাল এর আগে কখনো সাত গোলও হজম করেনি, এবার করল ১০ গোল।
৩—চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচেই গোল পেয়েছেন আরিয়েন রোবেন।
১৮—চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ২২টি লাল কার্ড দেখেছে জুভেন্টাস। ১৮ লাল কার্ড দেখে জুভদের পরই আছে আর্সেনাল।
৫-১—১৯৯৮ সালের নভেম্বরের (চেলসির কাছে ৫-০ ব্যবধানে হার) পর ঘরের মাঠে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার ওয়েঙ্গারের দলের।