অমঙ্গলের ছায়া পড়েছে নেপালের ফুটবলে। ম্যাচ পাতানোর অভিযোগে পরশু দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে নেপালের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাগর থাপাসহ সাবেক ও বর্তমান পাঁচ ফুটবলারকে।
এই খেলোয়াড়েরা যেসব ম্যাচ পাতিয়েছেন বলে তদন্তকারীদের ধারণা, সেগুলোর মধ্যে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে খেলা আন্তর্জাতিক ম্যাচও রয়েছে। আঞ্চলিক প্রতিযোগিতার অংশ হিসেবে এসব ম্যাচ খেলেছিল নেপাল। তবে ২০১১ সালে খেলা বিশ্বকাপ বাছাইপর্বের বেশ কয়েকটি ম্যাচ নিয়েই মূল সন্দেহ পুলিশের। এর মধ্যে রয়েছে জর্ডানের কাছে ৯-০ গোলে হেরে যাওয়া ম্যাচটিও।
পুলিশ জানিয়েছে, আটককৃত খেলোয়াড়দের ব্যাংক অ্যাকাউন্টে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকজন সন্দেহভাজন বাজিকরের অর্থ লেনদেনের প্রমাণ পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা খেলোয়াড় এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরভিত্তিক বাজিকরদের মধ্যে ব্যাংকে অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছি।’ জানা গেছে, ম্যাচ পাতানোর পুরস্কার হিসেবে বাজিকরেরা আটককৃত খেলোয়াড়দের এক হাজার থেকে দেড় হাজার মার্কিন ডলার দিয়েছিল।
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ইন্দ্রমান তুলাধর ম্যাচ গড়াপেটার দায়ে জাতীয় দলের সাবেক ও বর্তমান পাঁচ খেলোয়াড়ের গ্রেপ্তারের ঘটনায় বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন। তবে দোষী প্রমাণিত হলে কাউকেই রেহাই দেওয়া হবে না বলে হুমকিও দিয়েছেন, ‘আমরা অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে যাব। এ সময় সব ধরনের ফুটবল থেকে এই খেলোয়াড়দের বহিষ্কার করা হলো। দোষী প্রমাণিত হলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’ এএফপি।