পাঁচ ফুটবলার ছিলেন না অনুশীলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুব্ধ সেন্টফিট
ক্ষুব্ধ সেন্টফিট

বাংলাদেশে বিদেশি কোচ আসেন আর দুদিন না যেতেই বাফুফের সঙ্গে শুরু হয় ‘আসল খেলা’! এবার যেমন টম সেন্টফিটের সঙ্গে হলো। তাঁর অনুমতি ছাড়া বাফুফে পাঁচ ফুটবলারকে কাল সশস্ত্র বাহিনীর হয়ে খেলার অনুমতি দিয়েছে। এ নিয়ে বেলজিয়ান কোচ ভীষণ হতাশ ও ক্ষুব্ধ।
কমলাপুর স্টেডিয়ামে কাল বিকেলে নিজেকে রীতিমতো অপমানিত বোধ করছিলেন ৪৩ বছর বয়সী কোচ। অনুশীলনে এসে পেলেন না পাঁচ খেলোয়াড় মামুনুল ইসলাম, সোহেল রানা, জুয়েল রানা, রায়হান হাসান ও সোহেলকে। আরও কয়েকজন জাতীয় ফুটবলারের সঙ্গে এই পাঁচজন নৌবাহিনীতে চাকরি করেন। কাল আন্তঃবাহিনী ফুটবলের ফাইনালে তাঁরা খেলতে গেছেন নিজ দলের হয়ে। ফাইনালে সেনাবাহিনীকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী।
কোচের অনুমতি নিয়ে খেলোয়াড়েরা ফাইনাল খেলতে গেলে কোনো কথাই হয়তো হতো না। কিন্তু সেন্টফিট অনুমতি দেননি বলেই তিনি ক্ষুব্ধ। কমলাপুরে বিকেলে অনুশীলন শেষে ক্ষুব্ধ কণ্ঠে বলছিলেন, ‘এই পাঁচ খেলোয়াড় আমার অনুমতি নিয়ে যায়নি। কে অনুমতি দিয়েছে, সেটা ফেডারেশনকে জিজ্ঞেস করুন।’

অনুমতি যে ফেডারেশন দিয়েছে, সেটা পাশেই দাঁড়ানো জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন স্বীকার করে নিলেন খানিক পরই। বললেন, ‘কোচের অনুমতি চেয়েছিলাম, তিনি দেননি। ফেডারেশন তাই নিজ দায়িত্বে অনুমতি দিয়েছে।’
যেহেতু কোচ অনুমতি দেননি, তাই এই খেলোয়াড়েরা আজ অনুশীলনে ফিরলে তাঁদের গ্রহণ করবেন কি না এমন প্রশ্নও এসেছে। সেন্টফিটের কথা, ‘আমার খেলোয়াড় প্রয়োজন। আমি জিততে চাই। আমি এখানে ছুটি কাটাতে আসিনি। আমার এমন অবস্থা নেই যে, ১০ খেলোয়াড় বাদ দিয়ে ভুটানের সঙ্গে ৫ গোল খাব। সবিকছুর ওপরে তো জাতীয় দল।’ তারপর বলেন, ‘অনুমতিটা সম্ভবত ফেডারেশন সভাপতি দিতে পারেন (কাজী সালাউদ্দিন এখন কলম্বো আছেন সাফের সভায় যোগ দিতে)। তিনি না দিলে অন্য কেউ দিতে পারেন।’
আগামী পরশু থেকে শুরু মেয়েদের এএফসি কাপের ভেন্যু বলে বঙ্গবন্ধু স্টেডিয়াম পাচ্ছেন না। ৬ সেপ্টেম্বর ঢাকায় ঘাসের মাঠে এশিয়ান কাপের প্লে-অফ খেলবেন ভুটানের সঙ্গে, অথচ এখন তাঁকে অনুশীলন করাতে হচ্ছে কমলাপুরের টার্ফে! এ নিয়েও তাঁর ক্ষোভ আছে। আর বারবারই মনে করিয়ে দিলেন, তিনি একজন পেশাদার কোচ। বাফুফের সঙ্গে তিন মাসের চুক্তি। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ ঢাকায় এশিয়ান কাপের প্লে-অফে ভুটানের সঙ্গে জয় চাইছেন। জয়টাই তাঁর কাছে আসল। একপর্যায়ে বললেন, ‘বাংলাদেশ পেশাদার নয়। এ কারণেই বাংলাদেশ ৮-০, ৫-০, ৬-১ গোলে হারে, এটাই বাংলাদেশের ফুটবল।’
ভুল বলেননি সেন্টফিট। বাংলাদেশে সব চলে নিজস্ব গতিতে। ক্লাবের নিজেদের খুশিমতো ক্যাম্প থেকে খেলোয়াড় জোর করে নিয়ে যাওয়ার উদাহরণ আছে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের আট খেলোয়াড় নিয়ে যায় ‘লাঞ্চ করানো’র নাম করে। বাফুফে সেবার খেলোয়াড় ছাড়তে চায়নি। সেই বাফুফেই এবার কোচকে পাশ কাটাল। একজন পেশাদার কোচ তো এতে বিরক্ত হবেনই।
পাঁচ ফুটবলার উদ্ধৃত হয়ে এসব ব্যাপারে কথা বলতে চাননি। তবে তাঁদের বক্তব্য, তাঁরা চাকরি করেন। তাই বাফুফের অনুমতি নিয়ে গেছেন। কিন্তু কোচ বলছেন, ‘আমি জানি তারা কোথায় গেছে, কিন্তু আমি চাইনি তারা যাক। ম্যাচের কয়েক দিন আগে ১১ জন খেলোয়াড়ই নেই আমার হাতে। এটা হতে পারে, বলুন!’ সেন্টফিট অবশ্য এখন উপলব্ধি করছেন, বাংলাদেশে সবই হতে পারে।