মাত্র পাঁচ মিনিট। পাঁচ মিনিটে কত কিছুই না ওলট-পালট হয়ে যায়!
পাঁচ মিনিট আগেও আলজেরিয়ান খেলোয়াড়েরা জানতেন একটু দাঁতে দাঁত চেপে সময়টা কাটিয়ে দিলেই বিশ্বকাপ অপেক্ষা করছে তাঁদের জন্য। পাঁচ মিনিট পর উল্টে গেল সবকিছুই। আলজেরিয়ার বিশ্বকাপ-আশা শেষ। শেষ মুহূর্তের গোলে রিয়াদ মাহরেজদের আলজেরিয়াকে টপকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ক্যামেরুন। ফলে বিশ্বকাপের সময়টা টিভির সামনে বসেই কাটাতে হবে ২০১৯ সালের আফকনজয়ীদের।
প্রথম লেগে ক্যামেরুনের লিম্বেতে স্ট্রাইকার ইসলাম স্লিমানির গোলে জয় পায় আলজেরিয়া। আলজেরিয়ার মাঠে দ্বিতীয় লেগের ২২ মিনিটে স্ট্রাইকার এরিক-মাক্সিম চুপো-মোতিংয়ের গোল এগিয়ে যায় ক্যামেরুন।
দুই লেগ মিলিয়ে তখন দুই দলেরই একটি করে গোল (অ্যাওয়ে), ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনার পাশাপাশি দুই লেগ মিলিয়ে দলকে এগিয়ে দেন আলজেরিয়ান ডিফেন্ডার আহমেদ তুবা।
কিন্তু আলজেরিয়ানদের স্বপ্নভঙ্গ হতে পাঁচ মিনিটও লাগল না। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ক্যামেরুনের হয়ে গোল করেন লিওঁর উইঙ্গার কার্ল-তোরো একাম্বি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইনে সমতা থাকলেও অ্যাওয়ে গোলের হিসাবে এগিয়ে যায় ক্যামেরুন। আর সেটাই কাল হয় আলজেরিয়ার জন্য।
খেলা শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় আলজেরিয়া নয়, বরং কাতার বিশ্বকাপের স্বাদ পাচ্ছে ক্যামেরুন।
নিজেদের মাঠ মুস্তফা চাকার স্টেডিয়ামে এর আগে কখনো হারেনি আলজেরিয়া। ৪৩ ম্যাচ খেলে জিতেছে ৩৬টায়, ড্র করেছে বাকি সাত ম্যাচে। এই প্রথম নিজেদের এই মাঠে হারের স্বাদ পেলেন মাহরেজরা। আর তাতেই বিশ্বকাপ স্বপ্ন নিমেষে উবে গেল দলটার।
ম্যাচ শেষে আলজেরিয়ার কোচ জামেল বেলমাদি যেভাবে কাঁদলেন, খেলার মাঠে কোনো কোচ দলের জন্য এভাবে কেঁদেছেন কি না, সন্দেহ!