পাঁচ শ গোলের ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়োসেপ বিকান সর্বকালের সর্বোচ্চ গোলদাতা?
ইয়োসেপ বিকান সর্বকালের সর্বোচ্চ গোলদাতা?

পরশু রাত জেগে রোনালদোর মালমো জয় যাঁরা দেখেছেন, তাঁদের কেউ কেউ হয়তো একটু স্মৃতিকাতর হতে পারেন। এই তো, সেদিনই পুঁচকে ছেলেটা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে নামল, এরই মধ্যে সে করে ফেলল ৫০০ গোল! একবিংশ শতাব্দীতে আর কোনো ফুটবলারেরই নেই, তবে ফুটবল ইতিহাসে ৫০০ গোল আরও অনেকেরই আছে।
এখনকার ফুটবলে গোল তো বটেই, পাসিং, ট্যাকল ইত্যাদিরও যে রকম খুঁটিনাটি রেকর্ডও রাখা হয় একসময় গোলের হিসাবই ঠিকঠাক রাখা হতো না। ক্লাব ফুটবলের সব পরিসংখ্যান রাখার শুরু মোটামুটি নব্বইয়ের দশক থেকে। কাজটা যারা করে আসছে, সেই আরএসএসএসএফের হিসাবমতে রোনালদোর আগে আরও ২৪ জনের এই কীর্তি আছে!
এঁদের ছয়জন আবার বাকিদের চেয়ে আলাদা। এ পর্যন্ত ছয়জন ফুটবলার ক্যারিয়ারে ১০০০ গোল করেছেন বলে মনে করা হয়। সবাইকে নিয়েই অবশ্য কমবেশি বিতর্ক আছে। যেমন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বলে যাঁকে মানা হয়, সেই ইয়োসেপ বিকানের গোল নাকি ১৪৬৮টি! সাবেক অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের এই ফুটবলার ক্লাব ক্যারিয়ারে শুধু লিগেই গোল করেছেন ৬০০-এর ওপর। বাকি গোলগুলোর বেশির ভাগই প্রীতি ম্যাচে। অথচ খেলতে পেরেছিলেন মাত্র একটা বিশ্বকাপে (১৯৩৪), দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছোবল না মারলে ফুটবল ইতিহাস হয়তো আরেকটু অন্যভাবে মনে রাখত তাঁকে।
হাজার গোলের ক্লাবের তিনজনকে অবশ্য সবাই চেনেন—পেলে, জার্ড মুলার ও রোমারিও। পেলের ১২৮৪ গোলের পূর্ণাঙ্গ হিসাব সেভাবে মেলে না। মুলারের ১২১৬ গোলের অনেকগুলোই যুব পর্যায়ের বলে মনে করা হয়। আর রোমারিও নিজে দাবি করেছেন হাজার গোল, ফুটবল পরিসংখ্যান সেই সাক্ষ্য দেয় না। বাকি দুজন সেই তুলনায় একরকম অখ্যাত। ব্রাজিলের আর্থার ফ্রাইডেনরিখ ১৯০৯ থেকে ১৯৩৫ সালের মধ্যে ১২৩৯ গোল করেছেন বলে ধরা হয়। অস্ট্রিয়া ও জার্মানির সাবেক ফুটবলার ফ্রাঞ্জ বিন্ডারের গোল ১০০৬টি, তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারেরও যতি টেনে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
রিয়ালের হয়ে রোনালদো সর্বকালের সেরা হলেও রিয়ালের আরেক পূর্বসূরির চেয়ে আবার অনেকটাই পিছিয়ে। ফেরেঙ্ক পুসকাসের ৭৫৪ গোলের রেকর্ড ছুঁতে আরও অনেক দূর যেতে হবে, এমনকি আলফ্রেডো ডি স্টেফানোকে ছুঁতেও আরও ১৬ গোল দরকার রোনালদোর।
পাঁচ শ ক্লাবে সবচেয়ে বেশি ব্রাজিলেরই, পাঁচজন। পেলে, রোমারিও তো আছেনই, আরেক কিংবদন্তি জিকোও আছেন। বাকি দুজন অবশ্য অখ্যাত। তুলিও মারাভিলহা ও রবার্তো ডিনামাইট জাতীয় দলের হয়ে কিছু করতে পারেননি, কিন্তু ক্লাব ফুটবলে ছিলেন মহিরুহ।
বাকিদের মধ্যে ইউসেবিও ক্লাব ও দেশের হয়ে আলো ছড়িয়েছেন। আর আছেন হামবুর্গের জার্মান কিংবদন্তি উয়ি সেলার, রিয়ালের মেক্সিকান স্ট্রাইকার হুগো সানচেজ বা টটেনহামের ইংলিশ স্ট্রাইকার জিমি গ্রিভস।
ও হ্যাঁ, ‘ফাইভ হানড্রেড’ ক্লাবে ঢোকার অপেক্ষায় আছেন আরেকজন। ৪৬৭ গোল নিয়ে যে কড়া নাড়ছেন লিওনেল মেসি!