পাঁচে চার রোনালদোর

মিনিট পনেরোর মতো খেলা হয়েছে তখন ম্যাচটার। নিজেদের ডি-বক্সে বল বিপদমুক্ত করতে গিয়ে প্রতিপক্ষ এক খেলোয়াড়কে ফাউল করে বসেন রোনালদো। পেনাল্টি পায় এলচে, গোল করে এগিয়েও যায়।
কিন্তু এই ম্যাচে যে ক্রিস্টিয়ানো রোনালদো খলনায়ক হতে নামেননি! ওই এক ভুলের প্রায়শ্চিত্ত যে এভাবে করবেন, সেটা নিশ্চয়ই এলচের কল্পনাতেও ছিল না। তাঁর ভুলে একটা গোল খেয়েছিল রিয়াল মাদ্রিদ, সেই ভুল শোধরালেন রোনালদো এক-দুই-তিন এভাবে চারটি গোল করে। সঙ্গে গ্যারেথ বেলের আরও এক গোলে পরশু লা লিগার ম্যাচটায় এলচে উড়ে গেল ৫-১ ব্যবধানে। পনেরো মিনিটের সময় তাঁর সেই ফাউলের কথা ততক্ষণে ভুলে গেছে সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকেরা। কিন্তু ম্যাচ শেষে নিজেই সেই প্রসঙ্গটা টেনে এনে বললেন, ‘যদিও আমি রেফারির কাছে অভিযোগ করেছি, কিন্তু আমাকে স্বীকার করতে হবে যে, এটা পেনাল্টিই ছিল। আমি ইচ্ছে করে করিনি, হয়ে গেছে। রেফারিও সঠিক সিদ্ধান্তই দিয়েছেন।’ কে জানে, ৪ গোল করেছেন বলেই কিনা মেজাজটা এমন ফুরফুরে ছিল রিয়াল উইঙ্গারের! গোলগুলোর কৃতিত্বও একা নিজে নিলেন না। বললেন, ‘৪ গোল করা অনেক কঠিন কাজ। আমি সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। ওরা ঠিকমতো পাসগুলো বাড়িয়েছে বলেই তো গোল করতে পেরেছি।’
ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এক ম্যাচে ৪ গোল। এর মধ্যে দুটি পেনাল্টি থেকে। তিন দিন আগে দেপোর্তিভো লা করুনিয়াকে ৮-২ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেই লা লিগায় নিজের ২০তম হ্যাটট্রিকটা পেয়েছিলেন। পরশু ২১তম হ্যাটট্রিক করে নিঃশ্বাস ফেরছেন লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের (২২টি) মালিক আলফ্রেডো ডি স্টেফানো ও তেলমো জারার ঘাড়ে। ১৯টি হ্যাটট্রিক নিয়ে বর্তমান খেলোয়াড়দের মধ্যে কাছাকাছি আছেন শুধু লিওনেল মেসি (কাল রাতে মালাগার বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত)। তবে একদিক দিয়ে তাদের সবার চেয়ে অনেক এগিয়ে রোনালদো। ডি স্টেফানো লা লিগায় খেলেছেন ১৩ বছর, জারা ১৫ বছর, মেসি খেলছেন ১০ বছর ধরে। অথচ রোনালদো এই কীর্তি গড়েছেন লা লিগায় মাত্র ৫ বছর খেলেই!
সর্বশেষ দুই ম্যাচেই ৭ গোল, সব মিলিয়ে এ মৌসুমে ৮ ম্যাচে ১২। ৯ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতাও এখন রোনালদো। অথচ চোটের কারণে এই রোনালদোকেই মাঝে কিছুদিন কী ভোগান্তিটাই না পোহাতে হয়েছে! বিশ্বকাপে নিজেকে মেলে ধরলে পারেননি। বিশ্বকাপের পর সেই চোটই তাঁকে দেশের হয়ে খেলতে দেয়নি আলবেনিয়ার বিপক্ষে ম্যাচটায়। রোনালদোকে ছাড়া খেলে পর্তুগাল হেরেছে ১-০ গোলে। চোটের কারণে বাইরে থাকার সময়টাতেই রোনালদোর সাম্প্রতিক দুর্দান্ত ফর্মের রহস্য খুঁজে পাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি, ‘মাঝের বিশ্রামটা ওকে অনেক সাহায্য করেছে। সে খুব পেশাদারির সঙ্গে সময়টা কাজে লাগিয়েছে, চোট থেকে সেরে উঠেছে। এ মুহূর্তে রোনালদো শারীরিক ও মানসিকভাবে খুবই চাঙা। সে দারুণ খেলছে, অহরহ গোল করছে।’
রোনালদোর ম্যাচে লা লিগায় রিয়ালের হয়ে অভিষেক হয়েছে কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের। শুরুটা খুব খারাপ হয়নি। পেনাল্টি থেকে ওই গোল ছাড়া বাকি সময় রিয়ালের জাল সুরক্ষিত রেখেছেন। ক্যাসিয়াসের জায়গায় মৌসুমে প্রথমবারের মতো রিয়ালের গোলপোস্টের নিচে অন্য একজন। তাহলে কি নাভাসই হতে যাচ্ছেন আনচেলত্তির নতুন এক নম্বর গোলরক্ষক? জবাবটা খোলাসা করে দিলেন না রিয়াল কোচ, ‘সেটা শনিবারেই (রিয়ালের পরের ম্যাচে) দেখা যাবে। এ বিষয়ে আলোচনা করার আরও কয়েক দিন সময় আছে।’ এএফপি।
রোনালদোর ৪ গোল
প্রতিপক্ষ ম্যাচের ফল গোলের সময় তারিখ
রেসিং সান্তান্দার ৬-১ ১৫, ২৭, ৪৭, ৫৫ (পে.) ২৩ অক্টো. ২০১০
সেভিয়া ৬-২ ৩১, ৬৫, ৭০, ৭৫ ৭ মে ২০১১
এলচে ৫-১ ২৮ (পে.), ৩২, ৮০ (পে.), ৯০ ২৩ সেপ্টে. ২০১৪