পাঁচে পাঁচ সবুজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার উড়লেন সবুজ! টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার l প্রথম আলো
আবার উড়লেন সবুজ! টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার l প্রথম আলো

ম্যাচ শেষে সাইফুল বারী টিটুর সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ড। চট্টগ্রাম আবাহনীর কোচের সঙ্গে কী নিয়ে আলাপ করছিলেন ওর্ড, দূরে দাঁড়ানো তৌহিদুল আলম সবুজের পক্ষে তা শোনা সম্ভব ছিল না। তবে এটুকু বলাই যায়, আলাদা করে ওর্ডের নজর কাড়তে পেরেছেন চট্টগ্রাম আবাহনীর এই স্ট্রাইকার।

এবারের প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন। প্রতিটি ম্যাচেই জিতেছে চট্টগ্রাম আবাহনী। কালও রহমতগঞ্জকে ২-০ গোলে হারানোর ম্যাচে প্রথম গোলটি সবুজের। অন্যটি জাহিদের। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী।

২০০৬-০৭ মৌসুমে ফুটবল পেশাদার যুগে ঢোকার পর থেকে বাংলাদেশের কোনো স্ট্রাইকার টানা পাঁচ ম্যাচে গোল পাননি। সবুজ গত মৌসুমে টানা তিন ম্যাচে গোল করেছিলেন। তাঁর ৮ গোলই ছিল বাংলাদেশের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।

চট্টগ্রাম আবাহনীর নির্ভরতার প্রতীক হয়ে উঠছেন সবুজ। কালও যখন চট্টগ্রাম আবাহনী গোলের জন্য মাথা কুটছিল, ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন। ৪৩ মিনিটে জাহিদের ক্রস থেকে গোল করলেন।

প্রতি ম্যাচে এভাবে গোল পাওয়ার রহস্য কী? সবুজ হেসে বললেন, ‘কোনো রহস্য নেই। গত বছর দেশের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম। এবারও শুরু থেকেই চিন্তা ছিল, লিগে নিজের অবস্থান ধরে রাখব।’

পুরো ম্যাচে জাহিদ বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে দেন ফরোয়ার্ডদের। কিন্তু শুধু সবুজই সুযোগ কাজে লাগাতে পেরেছেন। ৭০ মিনিটে জাহিদ নিজেই গোল করলেন। সেটি অবশ্য পেনাল্টি থেকে।