পাঁড় ভক্তের বিপদ
যদি জানতেন মুহূর্তের ভুলের জন্য এমন মূল্য দিতে হবে, তাহলে প্যাট্রিসিয়া মরেনো কি কখনো সেটা করতেন? ব্রাজিলের ২৩ বছর বয়সী এই গ্রেমিওভক্ত পরশু বাড়ি ফিরে দেখেন দুষ্কৃতকারীর দেওয়া আগুনে দাউদাউ পুড়ছে তাঁর বাড়ি। কিন্তু কী এমন করেছেন যার জন্য এমন ‘শাস্তি’ পেতে হলো? সেটা জানতে ফিরে যেতে হবে একটু পেছনে।
২৮ আগস্ট ব্রাজিল কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্রেমিও-সান্তোস। সেই ম্যাচে ঘটে ন্যক্কারজনক এক কাণ্ড, সান্তোস গোলরক্ষক আরানহাকে ‘বানর’ বলে বর্ণবাদী গালি দেন একদল গ্রেমিও সমর্থক। কিন্তু কারা করেছেন ওই কাজ? টিভি ফুটেজ থেকে ধরা পড়ল কয়েকজনের ছবি, যাঁদের একজন প্যাট্রিসিয়া। সামাজিক যোগাযোগের মাধ্যমে বারুদের মতো ছড়িয়ে পড়ল বর্ণবাদী সমর্থকদের পরিচয়, তাঁদের নিয়ে শুরু হয়ে গেল ‘ছি ছি’ রব। ওদিকে গ্রেমিওকেও প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হলো, জরিমানা দিতে হলো ২০ হাজার ডলার। ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়নি। এএফপি।
সামাজিকভাবে অপদস্থ প্যাট্রিসিয়া এরপর তাঁর চাকরি হারান। গত সপ্তাহে প্রচারমাধ্যমের সামনে কেঁদেকেটে বলেছেন, তিনি আসলে বর্ণবাদী নন। দলকে হেরে যেতে দেখায় মাথা ঠিক রাখতে না পেরে অমন করে ফেলেছেন। মুঠোফোনে মৃত্যুহুমকি পেয়েছেন প্যাট্রিসিয়া। গত বৃহস্পতিবার বাড়ি পুড়িয়ে দেওয়ার পর বোঝা গেল, তাঁর প্রতি আক্রোশ কতটা তীব্র ছিল। ওই সময় বাড়িতে অবশ্য কেউ ছিল না। পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে, তবে মূল হোতারা এখনো ধরা পড়েনি।