পাইওনিয়ার লিগে সেরা আরামবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইওনিয়ার ফুটবলের ট্রফি হাতে উচ্ছ্বসিত আরামবাগ একাডেমির ফুটবলার-কর্মকর্তারা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
পাইওনিয়ার ফুটবলের ট্রফি হাতে উচ্ছ্বসিত আরামবাগ একাডেমির ফুটবলার-কর্মকর্তারা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

সম্প্রতি প্রিমিয়ার ফুটবল লিগেও এত দর্শক আসে না। আবাহনী-মোহামেডান গ্যালারির একাংশে ভিড়, উপচে পড়েছিল ভিআইপি গ্যালারিও। প্রায় হাজার পাঁচেক দর্শক পাইওনিয়ার ফুটবল লিগ শেষে দেখল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আতশবাজির ফোয়ারা। বর্ণিল আতশবাজি আর পটকার শব্দে সন্ধ্যাটা স্মরণীয় করে রাখল আরামবাগবাসী। কাল পাইওনিয়ার ফুটবল লিগের ফাইনালে আরামবাগ ফুটবল একাডেমি ২-০ গোলে গাজীপুর সিটি ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আরামবাগ একাডেমির ফুটবলাররা সারা বছর অনুশীলন করে বাফুফের অ্যাস্ট্রো টার্ফে। বাফুফের কাছ থেকে নানা সুবিধাও পেয়ে এসেছে অনূর্ধ্ব-১৬ বয়সের এই কিশোররা। মাঠে তাদের বল দখল, ড্রিবলিং চোখ কেড়েছে আলাদা করেই। ৪৭ মিনিটে আরামবাগের মিডফিল্ডার আরিফের থ্রু থেকে মাটি কামড়ানো শটে ১-০ করে মিঠু। ৬৬ মিনিটে আরিফের বাড়িয়ে দেওয়া বল ফাহিম জালে পাঠিয়েই ছুটে গেছে গ্যালারির দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মতো ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গানের ছন্দে নাচল ফাহিম। ম্যাচ শেষে হুড়মুড়িয়ে সব দর্শক নেমে আসে মাঠে। চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল সেই দর্শকেরা।
ট্রফির পাশাপাশি এক লাখ টাকা প্রাইজমানি পেয়েছে আরামবাগ।