
পরীক্ষাকক্ষে গিয়ে প্রশ্ন ‘কমন’ না পড়ার অবস্থাই যেন হয়েছে উরুগুয়ের! ম্যাচের আগে তারা গবেষণা করল নেইমারকে নিয়ে। পরিকল্পনা সাজাল তাঁকে ঘিরে। অথচ দিতে হলো কিনা পাওলিনহো-প্রশ্নের উত্তর! ফল যা হওয়ার তাই হলো। প্রশ্ন ‘কমন’ না পড়ায় দিশেহারা উরুগুয়ে উড়ে গেল ব্রাজিলের সামনে।
বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচটির আগেই নেইমারকে আটকানো নিয়ে অসহায়ত্বের কথা জানিয়েছিলেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। বাঁ প্রান্ত দিয়ে নেইমার উরুগুয়ের রক্ষণে কাঁপনও ধরিয়েছেন। তবে ৪-১ গোলের জয়টি ব্রাজিল পেয়েছে পাওলিনহোর দারুণ এক হ্যাটট্রিকে। গোল করা নয়, গোল করানোই তাঁর মূল কাজ। সেই পাওলিনহো এমন কিছু করে ফেলবেন, তা বিশ্বাস করতে পারছেন না চীনের ক্লাব গুয়াংজু এভারেস্টের মিডফিল্ডার নিজেও, ‘আমি এটা কখনো স্বপ্নেও ভাবিনি যে হ্যাটট্রিক করে জাতীয় দলকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দেব।’
নিষেধাজ্ঞার কারণে লুইস সুয়ারেজ ছিলেন না। পেনাল্টি থেকে গোল করে ৯ মিনিটে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান এডিনসন কাভানি। গোল খেয়ে যেন জেগে ওঠেন নেইমাররা। মাত্র ১১ মিনিট পরই ব্রাজিলকে সমতায় ফেরায় ২৫ গজ দূর থেকে পাওলিনহোর বুলেট গতির শট। উরুগুয়ের সীমানায় বল পেয়ে দারুণ এক পাস দিয়ে গোলটিতে অবদান রাখেন নেইমার।
গোল পেয়ে যেন আরও উজ্জীবিত হয়ে ওঠেন নেইমার-ফিরমিনোরা। দমে যায়নি স্বাগতিক দলও। ব্রাজিলের রক্ষণেরও কঠিন পরীক্ষা নেন কাভানি-রোলানরা। গোলরক্ষক আলিসনের দুটি অসাধারণ সেভের কল্যাণেই ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যেতে পারে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিক গ্যালারিতে নিস্তব্ধতা নামিয়ে আনেন পাওলিনহো। ৭৪ মিনিটে নেইমার-জাদুতে ব্যবধান বাড়ায় ব্রাজিল। মিরান্দার কাছ থেকে উড়ে আসা বল প্রথম ছোঁয়াতেই নিয়ন্ত্রণে নেন। সঙ্গে থাকা ডিফেন্ডারকে ছিটকে ফেলেন। এরপর দারুণ এক চিপে বলটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান। যোগ করা সময়ে হ্যাটট্রিক করেন পাওলিনহো।
ব্রাজিল আর আগের সেই ব্রাজিল নেই—এই আক্ষেপ ব্রাজিলের সমর্থকদের অনেক দিনের। পেলে-গারিঞ্চা বা জিকো-সক্রেটিসদের যুগের সেই ‘জোগো বনিতো (সুন্দর ফুটবল)’ ফিরে পাওয়ার স্বপ্ন দেখা ব্রাজিলের মানুষ ছেড়েই দিয়েছে। কিন্তু মাঝে হারিয়ে গিয়েছিল ব্রাজিলের ফুটবলের ‘শিরা-উপশিরায়’ বয়ে চলা জয়ের নেশাটাও। তিতের অধীনে জয়ের সেই নেশা ফিরে পেয়েছে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে আরেকবার তা দেখালেন নেইমাররা। তিতে দায়িত্ব নেওয়ার পর টানা অষ্টম জয়ের আনন্দে ভাসল ব্রাজিল। এর সাতটিই তারা জিতেছে বিশ্বকাপ বাছাইপর্বে। সনি ইএসপিএন।