
হলিউডের কোনো পরিচালক যদি ফুটবল নিয়ে চলচ্চিত্র বানাতে চান, তাঁর জন্য সুখবর। খুব বেশি কষ্ট করতে হবে না। বাম্পার একটা চিত্রনাট্য যে তৈরি হয়েই আছে। চলচ্চিত্রটার নামও ঠিক করে রাখতে পারেন—আরবি লাইপজিগ।
সাত বছর আগে যে দলটা ছিল জার্মান ফুটবলের পঞ্চম স্তরে, তারাই গত পরশু জায়গা করে নিয়েছে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। অর্জন করে নিয়েছে আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা। ভাবা যায়!
অকল্পনীয় লাগবে এই তথ্যটিও—এটিই ছিল জার্মান ফুটবলের শীর্ষ স্তরে লাইপজিগের ইতিহাসে প্রথম মৌসুম। এর আগে ১৯৯৮ সালে, দ্বিতীয় বিভাগ (বুন্দেসলিগা ২) থেকে উঠে এসেই চ্যাম্পিয়নস লিগে খেলার কীর্তি গড়েছিল কাইজারস্লটার্নও। কিন্তু লাইপজিগের মতো করে ক্লাব ইতিহাসে প্রথমবার শীর্ষ স্তরে এসেই চ্যাম্পিয়নস লিগে ওঠা? এমন কীর্তি জার্মানিতে আর কোনো দলের নেই।
হার্থা বার্লিনের মাঠে পরশু ৪-১ গোলে জিতে লিগে সেরা তিনে থাকা নিশ্চিত করেছে রালফ হাসেনহাটলের দল। মানে, সরাসরি চ্যাম্পিয়নস লিগে যাওয়া নিশ্চিত। খুশিটা ক্লাবের জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নারের কথায়ও স্পষ্ট, ‘পুরো মৌসুমে দুর্দান্ত খেলার পর এটা আমাদের প্রাপ্যই ছিল। ইউরোপের সেরাদের মধ্যে জায়গা করে নেওয়াটা অসাধারণ একটা অর্জন।’
দুর্দান্ত এই অর্জনের প্লট তৈরি হয়েছে নয় বছর ধরেই। ২০০৯ সালে জার্মান ফুটবলের পঞ্চম স্তরে ধুঁকতে থাকা এসএসভি মার্ক্রানস্টাটকে কিনে নেয় অস্ট্রিয়ান এনার্জি ড্রিংক প্রস্তুতকারক কোম্পানি রেড বুল। তখন থেকেই ক্লাবটার নাম আরবি লাইপজিগ। তবে এই ‘আরবি’ মানে রেড বুল নয়। জার্মান ফুটবলের নিয়ম অনুযায়ী, স্পনসরের নামে ক্লাবের নাম হতে পারে না। এই আরবি-এর পূর্ণরূপ ‘রাজেন বলস্পোর্ট’।
রেড বুলের ট্যাগলাইনটা হলো, ‘রেড বুল গিভস ইউ উইংস!’ নাম আর মালিকানা বদলের পর থেকেই লাইপইজিগও যেন পাখা মেলেই উড়ছে। প্রথম মৌসুমেই পঞ্চম স্তর থেকে চতুর্থ স্তরে ওঠা, এরপর চার মৌসুমে আরও দুবার উত্তরণ। ২০১৫-১৬ মৌসুমে আবার উত্তরণ, সাত বছরে চতুর্থ ‘প্রমোশনে’ বুন্দেসলিগায়। এখানেও চমক! প্রথম ১৩ ম্যাচেই জয়, এটিও বুন্দেসলিগায় কোনো ক্লাবের প্রথম মৌসুমে টানা জয়ের রেকর্ড। ডিসেম্বর পর্যন্ত বায়ার্ন মিউনিখের সঙ্গে শিরোপাদৌড়েও ছিল লাইপজিগ!
সাফল্যের সঙ্গে সমান্তরালে চলে এসেছে সমালোচনাও। সেটি ক্লাবের মালিকানা নিয়েই। অনেক ক্লাবেরই অভিযোগ, ফুটবল নয়, টাকা কামানোর জন্যই ক্লাবটি চালাচ্ছে রেড বুল। মৌসুমের শুরুর দিকে বরুসিয়া ডর্টমুন্ডের সিইও হানস-জোয়াকিম ওয়াটজকেই বলেছিলেন, লাইপজিগ ফুটবল খেলে শুধু (রেড বুলের) ক্যান বিক্রি করার জন্য। ডায়নামো ড্রেসডেনের সমর্থকেরা মাঠে ক্লাব মালিকদের ব্যঙ্গ করে ষাঁড়ের মাথা ছুড়ে মেরেছিলেন। কোলনের মাঠে খেলতে যাওয়ার সময় কোলন সমর্থকেরা লাইপজিগের বাসের সামনে বসে রাস্তা অবরোধ করে রেখেছিলেন।
সব সমালোচনা, বৈরী সময়ের সঙ্গে আস্তে আস্তে অনেকটা মিইয়ে গেছে। লাইপজিগের চলার পথও হয়েছে মসৃণতর। শেষ পর্যন্ত শিরোপাটা বায়ার্নের ঘরে গেছে ঠিকই, তবে নিজেরা যা পেয়েছে, তাতে লাইপজিগের কোনো অতৃপ্তিই থাকবে না। তারকাহীন একটা দল নিয়ে এমন সাফল্য তো রূপকথাই। এই মৌসুমে দলের তারকাদের কেউ দ্বিতীয় বিভাগের কোনো দল থেকে এসেছেন, তো কেউ লাইপজিগেরই ‘সহযোগী ক্লাব’ অস্ট্রিয়ার রেড বুল সালজবুর্গ (দুটি ক্লাবই রেড বুলের মালিকানায়) থেকে।
তারকা না থাকাটা অবশ্য অর্থাভাবে নয়। ক্লাবের পরিচালকদের কৌশলই এমন। মেসি-রোনালদোকে দলে পেতে চান কি না, এই প্রশ্নে ক্লাবের পরিচালক রালফ রানিয়িকই বলেছিলেন, ‘ওদের নিলেই এখানে কাজ হবে, এমন ভাবাটা অর্থহীন। আর ওরা দুজনই বেশি বুড়ো, আর বেশি দামি!’ তারকা কেনেনি, তারকা বানিয়েছে লাইপজিগ। এই যে, নাবি কেইতা, এমিল ফর্সবার্গ, ওয়ার্নারদের নিয়ে এখনই শুরু হয়ে গেছে কাড়াকাড়ি।
এঁদের ধরে রাখাটা আগামী মৌসুমে বড় একটা চ্যালেঞ্জই হবে লাইপজিগের জন্য। পাশাপাশি আরেকটা দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ তো ক্লাবের সহপ্রতিষ্ঠাতা ডাইরিখ মাতেসিতজই ঠিক করে দিয়েছেন। ২০১৫ সালেই বলেছিলেন, ‘আমি চাই না, লাইপজিগ বুন্দেসলিগার শিরোপা জিততে জিততে আমার বয়স ৮০ হয়ে যাক!’
তাঁর বয়স এখন ৭২। এএফপি।