পাখির চোখে ইউনাইটেড-লিভারপুল

মঙ্গলবার রাতে লিগ কাপে হাল সিটির বিপক্ষে খেলল ম্যানচেস্টার ইউনাইটেড। পরদিন সকাল থেকেই ওল্ড ট্রাফোর্ডে হাজির স্কাই স্পোর্টসের কর্মীরা। কাজেও নেমে পড়লেন। কেউ দড়ি নিয়ে এদিক-ওদিক টানাটানি করছেন, মাঠের চার প্রান্তে সেগুলোকে এঁটেও বসাচ্ছেন। তা ইংলিশ ফুটবলের প্রধানতম সম্প্রচার প্রতিষ্ঠানটির এত তোড়জোড়ের কারণ কী? মাত্র কয়েক ঘণ্টা আগেই না ইউনাইটেডের ম্যাচ হয়ে গেল!
পুরোনো ম্যাচ নয়, স্কাই স্পোর্টসের এই তোড়জোড় ইউনাইটেডের পরের ম্যাচের জন্য। রোববার লিগে যে ম্যাচের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল! দর্শকসংখ্যা বিবেচনায় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ, বিশ্বজুড়ে যেটির প্রায় ৭০ কোটি দর্শক। সেটিকে এবার আরও ‘স্পেশাল’ করছে স্কাই স্পোর্টস। সম্প্রচারে যোগ করছে স্পাইডারক্যাম—প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো কোনো ম্যাচে যেটির ব্যবহার হবে। ম্যানচেস্টার শহরের কর্তৃপক্ষের কাছ থেকেও অনুমতি মিলেছে, ম্যাচের চার দিন আগে থেকে এত তোড়জোড় সেটি নিয়েই।
‘ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল—এই ম্যাচটিকেই প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো প্রযুক্তিটি ব্যবহারের জন্য যথার্থ মনে হয়েছে। বিশ্ব ফুটবলে এটি সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি। আমরা চাইছি দর্শকদের ম্যাচের আরও কাছাকাছি নিয়ে যেতে, এই প্রযুক্তি দিয়ে সেটি সম্ভবও’—ডেইলি মেইলকেবলেছেন স্কাই স্পোর্টসের ফুটবল-প্রধান গ্যারি হিউজ।
কীভাবে কাছাকাছি নিয়ে যাওয়া হবে? গ্যালারির ক্যামেরাগুলো তো থাকবেই, খেলোয়াড়দের মাথার ওপরও যোগ হবে আরেকটি ক্যামেরা। মাঠের চার কোণে যুক্ত চারটি তারে মাকড়সার মতো বাইবে ক্যামেরাটা। ঘণ্টায় ২০ মাইল গতিতে। ৩৬০ ডিগ্রি অবস্থানের কোনো ঘটনাই ক্যামেরার চোখ এড়াবে না। ক্যামেরাটাকে ঠিকভাবে চালানোর দায়িত্বে থাকবেন দুজন অপারেটর।
সব মিলিয়ে নয়জন মানুষের চার দিনের প্রস্তুতির ফলই দেখতে পাবেন দর্শকেরা। টানেল দিয়ে দুই দলের বেরিয়ে আসা, দ্রুত কোনো প্রতি আক্রমণে ওঠা, কর্নার, পেনাল্টি বা পগবা-কুতিনহোদের ফ্রি-কিক—এসব আর এক পাশ থেকে নয়, হয়তো দেখতে পাবেন ঘটনাপ্রবাহের ১০-৪০ মিটার ওপর থেকে, যেমনটা উড়তে থাকা কোনো পাখি দেখে। শুধু দর্শকই নন, ধারাভাষ্যকার, স্কাই স্পোর্টসের বিশ্লেষকেরাও এটির সুবিধা পাবেন।
ইংলিশ ফুটবলে প্রথম হলেও খেলাধুলার সম্প্রচারে স্পাইডারক্যাম ব্যবহার হচ্ছে অনেক দিন ধরেই। ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রে খেলার মাঠে প্রথম দেখা যায় স্পাইডারক্যাম। ফিফা বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ বা চ্যাম্পিয়নস লিগও এর ব্যবহার দেখেছে। ক্রিকেটে তো এটি এখন নৈমিত্তিক, ব্যবহার হচ্ছে টেনিস-রাগবি-ভলিবলেও। এবার আসছে ইংলিশ ফুটবলে।
তবে এর সঙ্গে একটা ঝুঁকির প্রশ্নও সামনে চলে আসে। ক্রিকেটে যেমনটা হয়েছে, গত বছর অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডেতে ভারতের বিরাট কোহলির একটা শট লাগে উড়তে থাকা ক্যামেরায়। ক্রিকেটে এসব ক্ষেত্রে বলটিকে ‘ডেড’ ঘোষণা করা হয়, রান-উইকেটও বাতিল হয়ে যায়। ফুটবলে তো তেমন সুযোগ নেই। তবে বল স্পাইডারক্যামে লাগার ঝুঁকিও খুব একটা থাকবে না বলেই মনে করছে স্কাই স্পোর্টস। গোলকিকের সময় বা বল উঁচুতে উঠতে পারে এমন সম্ভাবনা দেখা দিলেই ‘রিয়েল টাইম’ নির্দেশনার মাধ্যমে ক্যামেরাটাকে নিয়ে যাওয়া যাবে স্টেডিয়ামের ছাদসমান উচ্চতায়।
এত আয়োজনের পর এখন স্কাই স্পোর্টস একটাই প্রার্থনা করতে পারে, এবারের ম্যাচটা যেন গত অক্টোবরে দুদলের গোলশূন্য ড্রয়ের মতো নীরস না হয়! গার্ডিয়ান, স্কাই স্পোর্টস, ডেইলি মেইল।