'পাগল' কোচকে প্রেমে মজিয়ে রাখতে চায় লিডস

>১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফিরে এবার তারা স্বপ্ন দেখতে শুরু করেছে অদূর ভবিষ্যতে চ্যাম্পিয়নস লিগে খেলার।স্বপ্নটা লিডস দেখছে দলের আর্জেন্টাইন কোচ বিয়েলসাকে ঘিরে
লিডসে ইউনাইটেডের স্বপ্নের পরিধি বড় করে দিয়েছেন মার্সেলো বিয়েলসা। ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফিরে এবার তারা স্বপ্ন দেখতে শুরু করেছে অদূর ভবিষ্যতে চ্যাম্পিয়নস লিগে খেলার। যে টুর্নামেন্টে তারা এর আগেও খেলেছে। স্বপ্নটা লিডস দেখছে দলের আর্জেন্টাইন কোচ বিয়েলসাকে ঘিরে।
কিন্তু স্বপ্ন দেখিয়ে উড়াল দেবেন না তো তিনি—এমন একটা বিষয়ও কাজ করছে! এলান্ড রোডের দলটি আপাতত প্রিমিয়ার লিগে ওঠা আর চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের উৎসবে বুঁদ। এরই মধ্যে ফুটবল–বিশ্বকে উদ্দেশ করে একটি কথা বলেছেন লিডসের প্রধান নির্বাহী অ্যাঙ্গাস কিনিয়ার, 'আমরা উদ্যাপন করছি, সবাই খুব রোমাঞ্চিতও। যেখানে আমাদের থাকার কথা, সেখানে ফিরে এসেছি। লিডসের ভিত এটাই।'
ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার পর আরও ওপরে ওঠার কথা ভাবছেন কিনিয়ার, 'লিডসের চ্যাম্পিয়নশিপের দল হয়ে থাকা চলে না। তাদের প্রিমিয়ার লিগের দল হতে হবে। সেই চ্যালেঞ্জটা শুরু হয়ে গেল এবং এখন প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে ভাবতে হবে। লিডসকে এখন চ্যাম্পিয়নস লিগের দলও হতে হবে। লক্ষ্য এখন সেটাই।'
দুই মৌসুমের চেষ্টায় লিডসকে প্রিমিয়ার লিগে তুলেছেন বিয়েলসা। আর্জেন্টাইন কোচের সঙ্গে তাদের চুক্তি এই দুই মৌসুমের জন্যই। তবে চুক্তির একটি ধারা ছিল, চাইলে তিনি আরেক মৌসুম থেকে যেতে পারবেন। বিষয়টি নিয়ে মার্সেলোর সঙ্গে কথা বলবে লিডস কর্তৃপক্ষ। কিনিয়ার বলেছেন, 'আগামী সপ্তাহেই বসব আমরা। ক্লাবটিকে কোথায় নিয়ে যেতে চান, সেটা তিনি জানেন।'
কিন্তু বিয়েলসাকে ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। শুধু আর্জেন্টিনা ও চিলি জাতীয় দল ছাড়া কোথাও তিনি দুই মৌসুমের বেশি কোচিং করাননি। কোথাও ছিলেন এক মৌসুম, কোথাও ছয় মাস। সর্বোচ্চ থাকলে দুই মৌসুম। বিয়েলসা যে আগামী পরশু নয়, শুধু আগামীকালের কথাই ভাবেন, তা জানেন কিনিয়ারও। এ কারণেই তো বলেছেন, 'মার্সেলোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে তিনি কী চান সেটা এক রহস্য। সব সময়ই তিনি শুধু পরের ম্যাচটির কথাই ভাবেন। এই পরের ম্যাচ থেকে তাঁর মনোযোগ সরিয়ে আরও দূরে নিয়ে যেতে আপনাকে সাহসী হতে হবে।'
তবে একটা আশাও দেখছেন কিনিয়ার। বিয়েলসাকে ধরে রাখার ক্ষেত্রে সেই আশাটা কী তা–ও বলেছেন তিনি, 'আমার মনে হয় তিনি ক্লাবটির প্রেমে পড়ে গেছেন!' দেখা যাক, লিডসের ভালোবাসার টানে এলান্ড রোডে থেকে যান কি না!