পাগলাটে এক চ্যাম্পিয়নস লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিয়ে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে রোমা। ছবি: রয়টার্স
অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিয়ে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে রোমা। ছবি: রয়টার্স

মোটেও খাটো করে দেখা হচ্ছে না, তবু সেমিফাইনালে এএস রোমা? বার্সেলোনা নেই! ফুটবল রসিকেরা হয়তো পাল্টা জবাব দেবেন, চ্যাম্পিয়নস লিগে এ তো নতুন কিছু নয়। ইউরোপের এই মঞ্চে প্রতিটি মৌসুমই তো এমন পাগলাটে!

কথাটা এবার যেন আরও বেশি যৌক্তিক। নক আউট পর্বের শুরু থেকেই তো চলছে নাটক। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চেলসি কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডও পারেনি শেষ ষোলোর বৃত্ত থেকে বের হতে। লিগ ওয়ানকে প্রায় ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ বানিয়ে ফেলা প্যারিস সেন্ট জার্মেই, যারা কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ইউরোপ জয়ের স্বপ্ন দেখেছে, শেষ আটে উঠতে পারেনি তারাও।

কোয়ার্টার ফাইনালে উঠল কিনা সেভিয়া ও রোমা! এমন নয় যে এ দুটি দল একেবারেই নবিশ। নিজ নিজ লিগে তাদেরও ঐতিহ্য আছে, আছে সাফল্য। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে সেভিয়া-রোমার সফলতা কী? জবাব খুঁজতে শিরোপা জয় নয়, দেখতে হবে টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালে কে কয়বার উঠেছে।

সত্যিই, চ্যাম্পিয়নস লিগের পাগলাটে মঞ্চ বিশ্লেষকদেরও পাগল বানিয়ে ছাড়ে। এটা সেই মঞ্চ, যেখানে লা লিগা টেবিলে শীর্ষস্থানীয় দলকে হারিয়ে সেমিতে ওঠে সিরি ‘আ’র চতুর্থ দল। কিংবা লিগ ওয়ানের সেরা দল নয় শেষ আটে ওঠে লা লিগার সপ্তম দল। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচগুলোও কী দেখাল? পিছিয়ে থাকা দলগুলোর গোল করার কী প্রচণ্ড ক্ষুধা!

প্রথম লেগে লিভারপুলের কাছে ৩-০ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে গোল শোধে মরিয়া সিটির হয়ে ২ মিনিটের মাথায় গোল করে আশা দেখিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। এ ম্যাচটি সিটি সমর্থকদের জন্য আক্ষেপ হয়ে থাকবে। প্রথমার্ধের ঠিক আগে গোল করেছিলেন সিটির লিরয় সানে। কিন্তু অফসাইডের অজুহাতে রেফারি গোলটি বাতিল করেন। বারবার ভিডিও রিপ্লে দেখেও গোলটি কোনোভাবেই বাতিল করা যায় না। মাঠে ঢুকে রেফারির সঙ্গে তর্কে জড়ানোয় উল্টো লাল কার্ড দেখেছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

ক্যারিয়ারের একমাত্র অতৃপ্তি চ্যাম্পিয়নস লিগে জেতার স্বপ্নটা প্রায় বাঁচিয়ে তুলেছিলেন বুফন। ছবি: রয়টার্স
ক্যারিয়ারের একমাত্র অতৃপ্তি চ্যাম্পিয়নস লিগে জেতার স্বপ্নটা প্রায় বাঁচিয়ে তুলেছিলেন বুফন। ছবি: রয়টার্স

শক্তিশালী সিটির ভাগ্যে শিকে না ছিঁড়লেও তুলনামূলক দুর্বল রোমার ভাগ্যে কিন্তু ছিঁড়েছে। বলা ভালো, রোমা ভাগ্য নিজেই লিখেছে। প্রথম লেগে ৩ গোল ব্যবধানে পিছিয়ে থাকা রোমা বার্সার মাঠে শুরু করেছে ৬ মিনিটের মাথায় এডিন জেকোর গোলে। বাকিটা ইতিহাস। চ্যাম্পিয়নস লিগের নকআউট মঞ্চে তৃতীয় দল হিসেবে প্রথম লেগে ৩ গোলের ব্যবধান ঘুচিয়ে প্রথমবারের মতো সেমিতে উঠেছে রোমা।

টুর্নামেন্টটির আগের সংস্করণ ইউরোপিয়ান কাপ আমলে নিলে ৩৪ বছর পর এটা রোমার প্রথম সেমিফাইনাল। আর তাদের জায়গা করে দিতে বাদ পড়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলেরই অন্যতম সেরা দল—বার্সা!

বাদ পড়তে পারত রিয়াল মাদ্রিদও। জুভেন্টাসের দুর্দান্ত প্রত্যাবর্তনের শুরুটা মারিও মানজুকিচের সৌজন্যে। সান্তিয়াগো বার্নাব্যুতে ৭৬ সেকেন্ডেই গোল করেছেন, যা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে রিয়ালের দ্রুততম গোল হজম।

যোগ করা সময়ে রেফারির পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বেশ কিছুদিন তর্ক-বিতর্ক হবে। অনেকের কাছে হয়তো এটাই জুভেন্টাসের হারের কারণ। সে যাই হোক, গত দুই দিনে চার দলের (বার্সা-রোমা, রিয়াল-জুভেন্টাস) ধুন্ধুমার লড়াই কিন্তু একটা ব্যাপার সামনে তুলে এনেছে—শুধু চ্যাম্পিয়নস লিগেই এমন হাড্ডাহাড্ডি পাগলাটে লড়াইয়ের নিয়মিত দেখা মেলে। যেখানে গোল, বিতর্ক, অঘটন, আনন্দ-বেদনা সবই থাকে।
সেমিফাইনালেও কি দেখা যাবে এমন কিছু?