পাগলাটে এক ম্যাচে মোহামেডানকে বিদায় দিল সাইফ

১১ মিনিটেই ২ গোল করেছিল সাইফ।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত, রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ—চাইলে এমন আরও শব্দ যোগ করে দেওয়া যেতে পারে। যার শেষ হয়েছে স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা সাডেন ডেথ পর্বে। টাইব্রেকারে সাডেন ডেথের তিন নম্বর শটে গিয়ে হয়েছে ম্যাচের মীমাংসা। শেষ পর্যন্ত মোহামেডান স্পোর্টিংকে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালের টিকিট হাতে নিয়েছে সাইফ স্পোর্টিং। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে সমতায় শেষ হয়েছিল।

টাইব্রেকারের পঞ্চম শট শেষেও ৪-৪ সমতা। সাডেন ডেথে প্রথম দুই শট থেকে গোল করে উভয় দলই। সাডেন ডেথের তিন নম্বর শট নিতে এসে পোস্টের বাইরে মারেন মোহামেডানের ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামান। পক্ষান্তরে গোল করতে কোনো ভুলই করেননি সাইফের উজবেক মিডফিল্ডার সিরোজিউদ্দিন রাখমাতুলেভ। এর আগে মোহামেডান ও সাইফের একটি করে শটে গোল করতে ব্যর্থ হয়েছেন যথাক্রমে আমিনুর রহমান সজিব ও ইয়াছিন আরাফাত।

পেনাল্টি ঠেকিয়েছেন পাপ্পু।
ছবি: প্রথম আলো

এর আগে গোল, পাল্টা গোলে সমতা। সমতায় ফিরে এগিয়ে যাওয়া। পিছিয়ে পড়া দলের আবার সমতায় ফেরা। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়িয়ে ১২০ মিনিটেও ম্যাচের নিষ্পত্তি না হওয়া। সব মিলিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দারুণ এক ম্যাচ। অবশ্য ম্যাচটি এত দূর পর্যন্ত যায়-ই না। যদি মোহামেডানের গোলরক্ষক আহসান হাবিব সাইফ আক্রমণভাগের সামনে প্রাচীর হয়ে না দাঁড়াতেন। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি দুর্দান্ত সেভ দিয়েছেন আহসান।

ম্যাচের শুরুটা হয়েছে পাগলাটে ছন্দে। প্রথম মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ১১ মিনিটের মধ্যেই সাইফ এগিয়ে ২-১, অর্থাৎ ম্যাচের ১১ মিনিটেই ৩ গোল।

আগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল মোহামেডান। সেদিন যেখানে শেষ করেছিল, আজ যেন সেখান থেকেই লন্ডভন্ড মেজাজে শুরু করেছিল সাদা-কালোরা। প্রথম ৫ মিনিটেই মোহামেডানের নামের পাশে ৩-০ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু ছিল না। দুইটি গোলের সুযোগ নষ্ট করেছেন ফরহাত মনা ও একটি শাহেদ হোসেন।

হারের পরও ম্যাচ সেরা আহসান।
ছবি: প্রথম আলো

ম্যাচের ১৮ সেকেন্ডেই সাইফ সেন্টারব্যাক ও অধিনায়ক রিয়াদুল হাসান ও গোলরক্ষক পাপ্পু হাসানের ভুল বোঝাবুঝি। এতে ফাঁকা গোলপোস্ট পেয়ে যান মোহামেডান মিডফিল্ডার মনা। রিয়াদুল বল ক্লিয়ার করলে অ্যাটাকিং থার্ডে মনার পায়ে গিয়ে পড়ে। গোল পোস্ট ফাঁকা দেখে প্রথম স্পর্শে মারলেও গোলমুখ থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডার রহমত।

ম্যাচ দ্বিতীয় মিনিটে যাওয়ার আগেই ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামানের গোলে এগিয়ে যায় মোহামেডান। হাবীবুর রহমানের কর্নারে দূরের পোস্ট থেকে হেড করে গোলমুখে রাখেন ডিফেন্ডার মুজারিনা কালিরাইতি। গোলমুখ থেকে মাথা ছুঁয়ে ১-০ করেন আতিকুজ্জামান।

৭ মিনিটেই ডিফেন্ডার এমানুয়েল আরিয়াচুকুর গোলে সমতায় ফিরে সাইফ। ফাহিমের কর্নার কিকে দৌড়ে দূরের পোস্টে এসে স্লাইড করে পা লাগিয়ে গোলটি করেন এমানুয়েল। গোল পরিশোধ করে মোহামেডানের ওপর চেপে বসে পল পুটের দল। ৪ মিনিট পরেই ২-১ করেন ইকেচুকু কেনেথ। মোহামেডান ডিফেন্ডারদের আরেকটি ভুলের সুযোগ নিয়ে বক্সের মধ্যে থেকে জোরালো ভলিতে টুর্নামেন্টের ব্যক্তিগত চতুর্থ গোলটি করেন তিনি।

টাইব্রেক থেকে গোল করতে না পারায় কাঁদছেন সজীব।
ছবি: প্রথম আলো

১৯ মিনিটে স্বদেশি জন ওকোলির সঙ্গে কেনেথের ম্যাচের সেরা মুভ। তাঁর সঙ্গে ওয়ান টু করে দুর্দান্ত ভাবে বক্সে প্রবেশ করেছিলেন ওকোলি। কিন্তু বক্সে প্রবেশ করে গোলরক্ষক হাবিবের হাতে তুলে দেন। ৪১ মিনিটে ফাহিমের ক্রস থেকে আরিফুরের হেড ক্রসবারে লেগে ফিরে না আসলে ৩-১ হয়ে যেতে পারত। উল্টো ৪৪ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে ২-২ সমতায় ফিরে মোহামেডান। শাহেদ মিয়ার কর্নার থেকে হেড করে গোলটি করেন মালিয়ান ফরোয়ার্ড সুলেমান।

দ্বিতীয়ার্ধে সাইফের দুই নাইজেরিয়ান ওকোলি ও কেনেথের ব্যক্তিগত নৈপুণ্যে কোণঠাসা মোহামেডান রক্ষণভাগ। কিন্তু তাঁদের মাথা কুটতে হয়েছে মোহামেডান গোলরক্ষক হাবিবের সামনে গিয়ে। ৬২ মিনিটে কেনেথ বাঁ প্রান্ত দিয়ে বক্সে প্রবেশ করে প্লেসিং করলে হাবিব ঝাঁপিয়ে রক্ষা করেন। এরপর হাবিবের সামনে গিয়ে অসহায় হয়ে ফিরতে হয়েছে কেনেথকেও। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দৃঢ়তা দেখিয়েছেন মোহামেডান গোলরক্ষক। কিন্তু টাইব্রেকারে গিয়ে আর দলকে রক্ষা করতে পারেননি তিনি। ৬ ডিসেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে সাইফের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।