পাগুলে ম্যাচে নাপোলির সাত

পাঁচটি গোল, দুটি লাল কার্ড, একটি পেনাল্টি মিস!
৯০ মিনিট নয়, একটা ফুটবল ম্যাচের এক অর্ধের হিসাব এটি। এতই পাগুলে ছিল পরশু ইতালিয়ান লিগে নাপোলি-বোলোনিয়া ম্যাচের প্রথম ৪৫ মিনিট! দ্বিতীয়ার্ধটা তুলনায় ‘ম্যাড়মেড়ে’ই হয়েছে, গোল হয়েছে আর তিনটি। শেষ পর্যন্ত নাপোলি ম্যাচটা জিতেছে ৭-১ গোলে! এ জয়ে মরিসিও সারির দল আপাতত উঠেও গেছে পয়েন্ট তালিকার দুইয়ে (৪৮ পয়েন্ট)।
আগের ম্যাচে অবনমন অঞ্চলে থাকা পালের্মোর সঙ্গে ১-১ গোলে ড্র-ই যেন তাতিয়ে দেয় লিগে সর্বোচ্চ ৫৫ গোল করা নাপোলিকে। এমনই যে, ৭০ মিনিটে নাপোলির পঞ্চম গোলের পর বোলোনিয়ার অফিশিয়াল অ্যাকাউন্ট টুইট করে, ‘অনেক তো হলো। জোরাল শটে হামসিক হ্যাটট্রিক পূরণ করে ফেলেছে। এখন তো ওকে উঠিয়ে নিতে পারো!’
মারেক হামসিকের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন দ্রিস মের্তেনসও। অন্য গোলটি লরেঞ্জো ইনসিনিয়ের। প্রথমার্ধে নাপোলি ২-০ গোলে এগিয়ে যাওয়ার ২৬ মিনিটে বোলোনিয়ার মাতিয়া দেস্ত্রোর পেনাল্টি ঠেকিয়ে দেন পেপে রেইনা। ওই পেনাল্টির আগেই লাল কার্ড দেখেন নাপোলির হোসে কায়েহন, তবে ‘১১ বনাম ১০’ সুবিধাটা বোলোনিয়া ধরে রাখতে পারে মাত্র ছয় মিনিট। ৩২ মিনিটে লাল কার্ড দেখেন তাদের ডিফেন্ডার অ্যাডাম মাসিনাও। তারপরই হলো গোলবন্যা।
বোলোনিয়া কোচ রবার্তো দোনাদুনি তো আর এমনি এমনি বলেননি, ‘ম্যাচটা আমরা শুরু করেছি খারাপভাবে, শেষ করেছি আরও জঘন্যভাবে।’ রয়টার্স।