ইট মারলে নাকি পাটকেল খেতে হয়। টটেনহামের ইটের বদলে বায়ার্ন মিউনিখের পাটকেলটা মোক্ষমই হয়েছে বলতে হবে। দুই দিন আগে বুন্দেসলিগায় রেকর্ড ১১ জয়ের সুযোগটা ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ড্র করে নষ্ট করেছে বায়ার্ন। ইউরোপের শীর্ষ লিগে সবচেয়ে ভালো শুরুর রেকর্ডটা তাই টটেনহামেরই থেকে গেছে। ১৯৬১ সালে স্পারসরা জিতেছিল টানা ১১ ম্যাচ। বায়ার্নের ড্রয়ের পর টটেনহাম টুইট করে বাভারিয়ান ক্লাবকে সেটি আবার মনেও করিয়ে দিয়েছে। কিন্তু জার্মানরা কি আর খোঁচা খেয়ে চুপ করে বসে থাকে? বায়ার্নও পাল্টা টুইট করে টটেনহামকে মনে করিয়ে দিয়েছে, চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার বেদনা থেকেই তারা এসব বলছে। তিন বছর আগে লিগে চতুর্থ হয়েও চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেনি টটেনহাম। সেবার চ্যাম্পিয়নস লিগ জেতার কারণে ষষ্ঠ হয়েও চেলসিই সুযোগ পেয়ে যায়। চেলসির জয়টা কাদের সঙ্গে ছিল মনে আছে? বায়ার্নের সঙ্গেই! ইএসপিএন।