পাঠকের দৃষ্টিতে গ্রুপ পর্বের সেরা একাদশ

তিনজনই জায়গা পেয়েছেন পাঠকপ্রিয় একাদশেছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোর গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে দুদিন আগেই। নিশ্চিত হয়েছে দ্বিতীয় রাউন্ডে কোন ১৬টি দল উঠেছে, সেটাও। কে কার বিপক্ষে খেলবে পরের রাউন্ডে, জেনে গেছে সবাই। গ্রুপ পর্বের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সেরা একাদশ নির্বাচন করলে কে কে জায়গা পেতে পারেন সে একাদশে?

প্রথম আলোর আয়োজিত পোলে অংশ নিয়ে সম্মানিত পাঠক জানিয়ে দিয়েছেন তাঁদের মূল্যবান মতামত। ৪-৩-৩ ছকে গড়ে ওঠা দলে পাঠকেরা কাকে কাকে নিলেন? দেখে নেওয়া যাক একনজরে!

জিয়ানলুইজি দোন্নারুমা
ছবি : রয়টার্স

দলের গোলকিপার হিসেবে সর্বোচ্চ ৪৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই কোনো গোল হজম করেননি, খেলেছেনও বেশ। ওদিকে দোন্নারুমার মতো তিনটি ‘ক্লিনশিট’ পেয়েও ভোটের লড়াইয়ে বেশ পিছিয়ে পড়ে হেরে গেছেন ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড। মাত্র ২ শতাংশ মানুষ সেরা একাদশে দেখতে চান তাঁকে।

সে হিসাবে পর্তুগালের রুই পাত্রিসিওর কপাল একটু ভালো, ৩৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তুরস্কের উরজান চাকির ও বেলজিয়ামের থিবো কোর্তোয়ার ভাগ্যে ভোট পড়েছে যথাক্রমে ৭ ও ৯ শতাংশ।

লিওনার্দো বোনুচ্চি
ছবি : রয়টার্স

দুই সেন্টারব্যাক হিসেবে প্রথম আলোর পাঠকদের পছন্দ ইতালির লিওনার্দো বোনুচ্চি ও ফ্রান্সের রাফায়েন ভারান। দলকে তিনটি ক্লিনশিট এনে দেওয়ার পাশাপাশি নিয়মিত অধিনায়ক ও তাঁর রক্ষণসঙ্গী জর্জো কিয়েল্লিনি চোটে পড়ার পর যেভাবে নেতৃত্ব দিয়ে ইতালির রক্ষণভাগকে অটুট রাখছেন এই ডিফেন্ডার, সেই পুরস্কারই পেয়েছেন বোনুচ্চি। ওদিকে ভারান মাত্র একটি ক্লিনশিট পেলেও বোনুচ্চির সমান ৭১ শতাংশ ভোট পেয়েছেন।

পল পগবা
ছবি : রয়টার্স

কপাল পুড়েছে নেদারল্যান্ডসের স্তেফান দি ভ্রাই (৮%), ডেনমার্কের সিমোন কায়ের (৪%) ও আন্দ্রেয়া ক্রিশ্চিয়ানসেন (১৪%), ফ্রান্সের প্রেসনেল কিমপেম্বে (১৬%), সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জি (১%), স্পেনের পাউ তোরেস (৪%), ইংল্যান্ডের জন স্টোনস (৪%) ও অস্ট্রিয়ার ডেভিড আলাবার (৭%) মতো সেন্টারব্যাকদের।

এখানে বলে রাখা ভালো, দুই সেন্টারব্যাক নির্বাচনে আলাদা আলাদা দুই ক্ষেত্রে ভোট নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। এক ভোটে জিতেছেন বোনুচ্চি, আরেক ভোটে ভারান।

ইয়োশুয়া কিমিখ
ছবি : রয়টার্স

রাইটব্যাক হিসেবে গ্রুপ পর্বে দুই গোল করে আলো ছড়ানোর পরেও প্রথম আলোর বেশিরভাগ পাঠকদের মন জয় করতে পারেননি নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিজ। মাত্র ৮ শতাংশ পাঠকের মন জয় করতে পেরেছেন তিনি। ৮২ শতাংশ ভোট নিয়ে জার্মানির ইয়োশুয়া কিমিখ জিতে গেছেন এখানে। চেক প্রজাতন্ত্রের ভ্লাদিমির কুফল, সুইজারল্যান্ডের স্তেফান লাইনার ও বেলজিয়ামের থমা মনিয়েঁ পেয়েছেন যথাক্রমে ৫, ১ ও ৪ শতাংশ ভোট।

লেফটব্যাক হিসেবে কিমিখের সতীর্থকেই পছন্দ করেছেন প্রথম আলোর পাঠকেরা। পর্তুগালের বিপক্ষে বিধ্বংসী ফর্মে থাকা জার্মান লেফটব্যাক রবিন গোসেনস ৬১ শতাংশ ভোট পেয়ে হারিয়েছেন ইতালির লিওনার্দো স্পিনাৎসোলা (১২%), স্পেনের জর্দি আলবা (২২%), ডেনমার্কের জোয়াকিম মেয়লে (৩%) ও সুইজারল্যান্ডের স্টেফান জুবারকে (২%)।

রবিন গোসেনস
ছবি : রয়টার্স

মাঝমাঠে রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে টনি ক্রুস জায়গা পেয়েছেন এই একাদশে। ৮২ শতাংশ ভোট পাওয়া ক্রুসকে হারাতে পারেননি গ্রুপ পর্বে তিনবার গোল সহায়তা করা ডেনমার্কের রক্ষণাত্মক মিডফিল্ডার পিয়েরে-এমিল হইবিয়া (২%), প্রথম ম্যাচে রহিম স্টার্লিংকে দিয়ে গোল করানো ক্যালভিন ফিলিপস (১%), বেলজিয়ামের অ্যাক্সেল উইতসেল (৫%) ও ইতালির জর্জিনিও (১০%)।

বাকি দুই মিডফিল্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা (৬২%) ও ফ্রান্সের পল পগবা (৬৬%)। গ্রুপ পর্বে যথাক্রমে দুই ও তিন গোল করেও পাঠকদের মন ভরাতে পারেননি ইতালির মানুয়েল লোকাতেল্লি (৫%) ও নেদারল্যান্ডসের জর্জিনিও ভাইনালডম (১৩%)। ক্রোয়েশিয়ার লুকা মদরিচ (১৯%), ওয়েলসের অ্যারন র‍্যামসি (১%), ইতালির নিকোলো বারেল্লা (২%), স্পেনের পেদ্রি (৪%), পর্তুগালের রেনাতো সানচেস (২৭%) ও ইংল্যান্ডের জ্যাক গ্রিলিশও (১%) একই পথের পথিক।

টনি ক্রুস
ছবি : রয়টার্স

আক্রমণভাগে দুই উইঙ্গার হিসেবে দলে জায়গা পেয়েছেন নেদারল্যান্ডসের হয়ে দুটি করে গোল ও অ্যাসিস্ট করা মেম্ফিস ডিপাই (৭৪%) ও একটি অ্যাসিস্ট কম করা ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ (৬৫%)।

জায়গা পাননি সুইডেনের হয়ে তিন গোল করা এমিল ফর্সবার্গ (৫%) ও তাঁর সতীর্থ দেয়ান কুলুসেভস্কি (২%), সুইজারল্যান্ডের জেরদান শাকিরি (৮%), ইউক্রেনের আন্দ্রেই ইয়ারমোলেঙ্কো (১%), ইংল্যান্ডের রহিম স্টার্লিং (১২%), স্পেনের পাবলো সারাবিয়া (৪%), ওয়েলসের গ্যারেথ বেল (২৫%) ও ইতালির দমিনিকো বেরার্দি (৪%)।

ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি : রয়টার্স

একক স্ট্রাইকার হিসেবে যথারীতি জয়জয়কার ক্রিস্টিয়ানো রোনালদোর। গ্রুপ পর্বে পাঁচ গোল করা পর্তুগিজ মহাতারকা ৮১% ভোট পেয়ে দলে জায়গা করে নিয়েছেন। বেলজিয়ামের রোমেলু লুকাকু (১০%), পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি (৩%), চেক প্রজাতন্ত্রের পাত্রিক শিক (১%), ফ্রান্সের করিম বেনজেমা (৩%) ও ইতালির চিরো ইম্মোবিলে (২%) রোনালদোকে হারাতে পারেননি ভোটের খেলায়।

চূড়ান্ত একাদশ (৪-৩-৩)

দোন্নারুমা

কিমিখ-ভারান-বোনুচ্চি-গোসেনস

ডি ব্রুইনা-ক্রুস-পগবা

ডিপাই-রোনালদো-পেরিসিচ