পাতানো খেলা চলবে না সাফ ফুটবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি পাতানো খেলার অভিযোগে আজীবন নিষিদ্ধ হয়েছেন নেপাল জাতীয় দলের অধিনায়ক সাগর থাপা। সে দেশের আরও কয়েকজন শীর্ষ ফুটবলারকে গ্রেপ্তারও করেছে কাঠমান্ডুর পুলিশ। এ ঘটনা জানান দিচ্ছে, পাতানো খেলার বিষবাষ্প উড়ছে এই অঞ্চলেও।
তাই এবার সতর্ক দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘স্পোর্ট রাডার’কে তারা দায়িত্ব দিয়েছে এবারের সাফে পাতানো খেলার ওপর চোখ রাখতে। এই প্রতিষ্ঠানটি এএফসি, উয়েফাসহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গেই কাজ করে। ২৩ ডিসেম্বর কেরালায় সাফ ফুটবল শুরুর আগে তারা সব দলের সঙ্গে কথা বলবে। সাফে এর আগে এমন উদ্যোগ ছিল না।
এ ছাড়া আগামী সাফ ফুটবল কোথায় হবে তা নিয়েও আলোচনা হচ্ছে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল কাল জানালেন, পরবর্তী সাফ আয়োজনের ব্যাপারে ভুটান মৌখিকভাবে তাদের আগ্রহটা জানিয়েছে। ২ জানুয়ারি সাফের সভায় বিষয়টা নিয়ে আলোচনা হবে। তবে সাফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো আবেদন না চাওয়ায় পরবর্তী সাফের ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে আরও পরে। তাতে বাংলাদেশেরও আবেদন করার পরিকল্পনা আছে।