সিনিয়র ডিভিশন ফুটবল নিয়ে তুলকালাম কাণ্ড চলছে। এই লিগে দেদার পাতানো খেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওপরের দিকে কয়েকটি দল অবনমনশঙ্কায় থাকা দু-তিনটি দলকে পয়েন্ট ছেড়েছে বলে গুরুতর অভিযোগ আছে।
এসব ঘটনায় লিগের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন ভীষণ ক্ষুব্ধ। কাল দিনভর তিনি এটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এই প্রতিবেদকের কাছে তরফদার রুহুল আমিন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘লিগ স্পনসর করব আমরা, কিন্তু দেদার পাতানো খেলা হবে, তা সহ্য করা যায় না। আমরা পরিষ্কার বলতে চাই, পাতানো খেলার বিচার না হলে আমরা লিগের স্পনসরশিপ প্রত্যাহার করে নেব। এই দুষ্কর্মের ভাগীদার আমরা হব না।’
কথাটা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ঢাকা মহানগর লিগ কমিটির সভাপতি হারুনুর রশিদ, কো-চেয়ারম্যান সালেহ জামান সেলিমকে নাকি জানিয়ে দিয়েছেন তরফদার রুহুল আমিন। এ ব্যাপারে হারুনুর রশিদের ভাষ্য, ‘আমি এরই মধ্যে গতকালের (পরশু, ফ্রেন্ডস সোশ্যাল-ঢাকা ইউনাইটেড) ম্যাচটি নিয়ে কথা শুনেছি। ওই ম্যাচটার আগে আমরা ছয়জন রেফারি তৈরি রাখি। কোন তিনজন মাঠে যাবে সেটা যাতে কেউ আগে না জানে। বলেছি, ক্যামেরা রাখতে। আমাদের অবস্থান কঠোর। প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে সংশ্লিষ্টদের।’
শোনা যাচ্ছে, পরশু ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ারকে পয়েন্ট ছেড়েছে ঢাকা ইউনাইটেড। ম্যাচটির কথা মুখে না এনে হারুন বলেন, ‘ওই দুই দলের এক দলের কর্মকর্তা আমার কাছে স্বীকার করেছেন ম্যাচটা তাঁরা সমঝোতার ভিত্তিতে খেলেছেন। আমি তদন্ত করে কঠোর শাস্তি দেওয়ার পক্ষে। এ নিয়ে আমাদের কাজ চলছে।’
বিস্ময়কর হচ্ছে, আগে পাতানো খেলা হতো যাতে কেউ না বোঝে তেমন কৌশলে। কিন্তু এখন পাতানো হচ্ছে একরকম বলেকয়ে। ফুটবল অঙ্গনের ঘনিষ্ঠজনেরা আগেই জেনে যান, অমুক দল অমুক দলকে ছেড়ে দিচ্ছে! ঢাকা ইউনাইটেড ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ারকে ম্যাচ ছাড়বে, এটা নাকি আগেই চাউর হয়ে যায়। এই লিগে এর আগেও আরও কিছু ম্যাচ নিয়ে অভিযোগ ওঠে। দুই দিন আগে এই প্রতিবেদক কমলাপুর স্টেডিয়ামে গেলে কয়েকজন ফুটবলার নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেদার সমঝোতার ম্যাচ চলছে। কারও কোনো ভয় বা লজ্জা-শরম কিছুই নেই।
অভিযোগ আছে, ওয়ান্ডারার্সকে নাকি ছেড়ে দেয় বাসাবো। স্বাধীনতা ক্রীড়া সংঘ ছেড়েছে সোশ্যাল ওয়েলফেয়ারকে। এসব নিয়ে বাফুফে ও লিগ কমিটির কাছে লিখিত অভিযোগ করেছে সাধারণ বীমা, বাড্ডা জাগরণী।
বিতর্কিত এই লিগে কাল পিডব্লুডির সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন হয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। ২৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ ওয়ারী। অবনমিত হয়েছে ৯ পয়েন্ট পাওয়া বাড্ডা। সোশ্যাল ওয়েলফেয়ার, ওয়ান্ডারার্স, বীমা, মহাখালী অবনমনের শঙ্কায় থাকলেও তারা মুক্ত হয়েছে। মহাখালী শেষ ম্যাচে ওয়ান্ডারার্সকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগের আঙুল উঠেছে।
কিন্তু শেষ মুহূর্তে মাঠে ক্যামেরা পাঠালেও আগে থেকেই লিগের ওপর সেভাবে নজরদারি ছিল না লিগ কমিটি বা ফেডারেশনের। ফলে বেশির ভাগ সন্দেহজনক ম্যাচের ভিডিওচিত্র নেই তাদের হাতে। বাফুফে গোটা বিষয়টা লিগ কমিটির ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকে। আর পাতানো খেলার মহোৎসবে দেশের ফুটবলে দেখা দেয় নতুন অশনিসংকেত!