পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তরটা বরাবরই থাকে প্রচার-প্রচারণার বাইরে। এখানে কী ঘটছে, কারা কী করছে, বাফুফের নজরেও সেভাবে থাকে না। সেই সুযোগ নিয়ে পাতানো ম্যাচ খেলে ক্লাবগুলো। গত বছর তিন-চারটি ম্যাচ পাতানো হয়েছে বলে জোরালো অভিযোগ উঠলেও বাফুফে নাকি কিছুই খুঁজে পায়নি! অন্তত আরামবাগ-ভিক্টোরিয়া ম্যাচের ব্যাপারে খোলামেলা অভিযোগ এখনো শোনা যায়। অথচ এসব অনাচার বন্ধে সোচ্চার নয় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
আজ শুরু পঞ্চম চ্যাম্পিয়নশিপ লিগে তাই বড় আলোচনা পাতানো খেলা ঘিরেই। বাফুফে ভবনে কাল লিগের আটটি দলের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে বিষয়টি। লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীও যথারীতি প্রতিশ্রুতি দিলেন, ‘পাতানো ম্যাচের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ বাস্তবে অবশ্য সেভাবে ব্যবস্থা নেওয়া হয় না বলেই এসব প্রতিশ্রুতিতে আস্থা কম।
আস্থা ফিরিয়ে আনার দাবি তুলেছেন লিগে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি মাহবুবুর রহমান। প্রিমিয়ার লিগের স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক এবার নিবন্ধন করেছে চ্যাম্পিয়নশিপ লিগে। লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ওঠা। আরও কয়েকটি দল চ্যাম্পিয়ন হওয়ার জোরালো দাবিদার। তাই একটির বদলে দুটি দলকে প্রিমিয়ারে ওঠার সুযোগ দেওয়ার দাবিও উঠেছে, আগামীকাল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
তবে অভিজ্ঞতা থেকে ক্লাব প্রতিনিধিদের অনেকে ডাবল লিগ পদ্ধতির এই লিগে কয়েকটি ম্যাচ পরই দেদার পয়েন্ট কেনাবেচা শুরু হওয়ার আশঙ্কা করছেন। পাতানো খেলার পাশাপাশি যেনতেনভাবে এই লিগ আয়োজনের কারণে প্রত্যাশা অনুযায়ী নতুন খেলোয়াড় উঠে আসছে না।
তবে ক্লাবগুলো বেশ উৎসাহী। নবাগত কারওয়ান বাজার প্রগতি সংঘ যেমন তিন দিন আগে বিশাল শোভাযাত্রা করেছে। গতবার আরামবাগের সঙ্গে শেষ পর্যন্ত পেরে না ওঠা পুলিশ দলও দ্বিগুণ উৎসাহ নিয়ে নামছে। তবে দলগুলোর মধ্যে সবচেয়ে বড় নাম চট্টগ্রাম মোহামেডান, তৃতীয় পেশাদার লিগে অবনমিত হওয়ার পর এই প্রথম দলটি জাতীয় স্তরে ফিরছে। তারা কোচ করেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদকে।
মতিঝিল টিঅ্যান্ডটি, অগ্রণী ব্যাংক, ভিক্টোরিয়া, ফকিরেরপুল ইয়ংমেন্সের চোখেও বড় স্বপ্ন। তাই পাতানো ম্যাচ না হলে লড়াইটা জমে ওঠারই কথা। সেই আশা ব্যক্ত করলেন লিগের স্পনসর ওয়ালটনের কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার। আজ প্রথম দিনে বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবে টিঅ্যান্ডটি ও সাইফ স্পোর্টিং। খেলা চলবে কমলাপুর ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে।