পাতানো ফুটবল খেলা যে ক্লাবের অভ্যাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলবেনিয়া চ্যাম্পিয়ন দল স্কেনদারবিও। ছবি: এএফপি
আলবেনিয়া চ্যাম্পিয়ন দল স্কেনদারবিও। ছবি: এএফপি
>উয়েফার দাবি, বছরের পর বছর ধরে পাতানো ম্যাচ খেলেছে স্কেনদারবিও। ইউরোপিয়ান টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট, এমনকি প্রীতি ম্যাচ—কিছুই বাদ দেয়নি।

সব ধরনের ইউরোপিয়ান টুর্নামেন্টে ১০ বছর নিষিদ্ধ! উয়েফার ইতিহাসে যা কোনো ক্লাবকে দেওয়া সবচেয়ে বড় শাস্তি। তো এই শাস্তিটা পেল কোন ক্লাব? আলবেনিয়ার চ্যাম্পিয়ন স্কেনদারবিও।

যে অভিযোগ উঠেছে স্কেনদারবিওর বিরুদ্ধে, সেটা সত্যি হলে এই শাস্তি কিছুই মনে হবে না। উয়েফার দাবি, বছরের পর বছর ধরে পাতানো ম্যাচ খেলেছে স্কেনদারবিও। ইউরোপিয়ান টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট, এমনকি প্রীতি ম্যাচ—কিছুই বাদ দেয়নি। সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া উয়েফার একটি তদন্ত প্রতিবেদনে সংস্থাটির নৈতিকতা ও শৃঙ্খলা কমিটি লিখেছে, এই ক্লাবটা এত ম্যাচ পাতিয়েছে, যা ফুটবল ইতিহাসে আর কেউ কোনো দিন করেনি। স্কেনদারবিওকে ১১ লাখ ইউরো জরিমানাও করেছে উয়েফা।

উয়েফার শাস্তির বিরুদ্ধে লুজানে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছিল ক্লাবটি। কিন্তু উয়েফার উপস্থাপন করা তথ্য–প্রমাণ দেখে সিএএস তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়েছে, আপিলের শুনানি পরে হবে, তবে নিষেধাজ্ঞা কার্যকর হবে এখন থেকেই। যার অর্থ, স্কেনদারবিও এই মৌসুমে ইউরোপা লিগের প্রাথমিক পর্বে অংশ নিতে পারবে না।

কীভাবে স্কেনদারবিওর ম্যাচ পাতানোর প্রমাণ পেল উয়েফা? ইউরোপজুড়ে ফুটবল ম্যাচ নিয়ে অবৈধ বাজি কোথায় হচ্ছে, সেটা ধরার জন্য বেটিং ফ্রড ডিটেকশন সিস্টেম (বিএফডিএস) নামে একটি প্রকল্প আছে উয়েফার। স্পোর্টসরাডার নামে ফুটবল বাজির তথ্য-উপাত্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান এ প্রকল্পে সাহায্য করে। বিএফডিএস ইউরোপ ও এশিয়ায় বিভিন্ন ফুটবল ম্যাচ নিয়ে অস্বাভাবিক বাজি ও লেনদেন খুঁজে বের করে এবং সেগুলোর তদন্ত করে। এ পদ্ধতিতেই ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে স্কেনদারবিওর ৫৩টি ম্যাচ সন্দেহজনক হিসেবে ধরা পড়েছে। এর বেশির ভাগই পাতানো ছিল বলে প্রমাণ পেয়েছে উয়েফা।

অবৈধ বাজি থেকে উপার্জনের জন্যই স্কেনদারবিও এই কাণ্ড করেছে বলে মনে করা হচ্ছে। উয়েফা এমনও বলেছে, ম্যাচ পাতানোটা অভ্যাস বানিয়ে ফেলেছে স্কেনদারবিও! উদাহরণ হিসেবে ২০১৫ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের ক্রুসেডার ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের দ্বিতীয় ধাপের একটা ম্যাচের কথা বলেছে উয়েফার তদন্ত কমিটি। ৯০ মিনিট পর্যন্ত যে ম্যাচে ২-১ গোলে এগিয়ে ছিল স্কেনদারবিও। কিন্তু ওই ম্যাচটার শেষ দিকে হঠাৎ একটা বাজিতে লাখ লাখ ডলার ঢালা শুরু হয়। কী বাজি? ম্যাচে অন্তত চার গোল হবে! হলোও তা-ই। যোগ হওয়া সময়ে হাস্যকর ভুল করে দুটি গোল খেল স্কেনদারবিও। যে ম্যাচের পর এমনকি ক্রুসেডারের তখনকার গোলরক্ষক শন ও’নিল টুইট করেছিলেন, ‘এই ম্যাচটা নিয়ে যদি উয়েফা তদন্তে না নামে, আমি খুব বিস্মিত হব।’

স্কেনদারবিও সভাপতি আরদিয়ান তাকাজ অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিএফডিএস প্রকল্পের প্রচারণার জন্য উয়েফা তাঁর ক্লাবকে বলির পাঁঠা বানাচ্ছে। কিছুদিন আগে অবসর নেওয়া স্কেনদারবিওর সাবেক গোলরক্ষক ওরজেস শেহির মতে, উয়েফা প্রমাণ ছাড়া শুধু গুঞ্জনের ওপর ভিত্তি করেই শাস্তি দিয়েছে। অবশ্য শেহির কথাই বা কী করে সত্য ধরবেন! যে ৫৩টা ম্যাচ পাতানো বলে উয়েফা দাবি করছে, তার ৪৬টিতে তো শেহি নিজেই খেলেছেন!